সময় কলকাতা ডেস্ক : মাধ্যমিক পরীক্ষার ‘শেষযাত্রা’য় ডিজে বাজিয়ে উল্লাসে মাতল ছাত্রদল, লজ্জায় মাথা নত সুশীল সমাজের, সাউন্ড বক্স বাজেয়াপ্ত করল পুলিশ। ধূপগুড়ি শহরের ঘটনা।
মঙ্গলবার বিকেলের ধূপগুড়ি শহর দেখল রাস্তাজুড়ে ছাত্রদের আবির উড়িয়ে, আতসবাজি আর পটকার পাশাপাশি ডিজে বাজিয়ে নাচ। কোনও পুজোর বিসর্জন নয়,কার্যত এ যেন ছিল মাধ্যমিক পরীক্ষার বিসর্জন। মঙ্গলবার জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। পরীক্ষার শেষদিনে ছিল ভৌতবিজ্ঞান পরীক্ষা।আর পরীক্ষা শেষ হতেই লাগামছাড়া উল্লাসে মাতল পরীক্ষার্থীরা। বাদ সাধল পুলিশ। ডিজের সাউন্ড বক্স বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হল ধূপগুড়ি থানায়। ঘটনার আকস্মিকতায় হতচকিত ধূপগুড়ির বাসিন্দারা। ছাত্রদের আচরণে অধোবদন শহরের নাগরিকবৃন্দ।

ঘটনায় প্রকাশ,ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা এই উদ্ভট কান্ড ঘটিয়েছে।জানা গেছে ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের এবছরের মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়েছিল ধূপগুড়ি শহরের বৈরাতিগুড়ি স্কুলে। পরীক্ষা শেষ হতেই ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়ারা বিশৃঙ্খল আনন্দে মাতে।ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী জাতীয় সড়কের ওপরে ডিজের সাউন্ড বক্সের তালে নাচের সাথে সাথে চলছিল আতশবাজি ফাটানো। ঘটতে পারত বড় দুর্ঘটনা।ঘটনার খবর পৌঁছে যায় ধূপগুড়ি থানায় ।খবর পেয়েই ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ।বাজেয়াপ্ত করা হয় সাউন্ড বক্স। এতে ঘোরতর আপত্তি তোলে ছাত্ররা।তাদের দাবী ছিল – পরীক্ষা শেষ তাই রাস্তায় তাদের কিছুসময় উল্লাস করতে দিতেই হবে।
মাধ্যমিক পরীক্ষা জনিত কারণে ডিজে বাজানোর নিষেধাজ্ঞার কথা জানিয়েছে পুলিশ। জানা গেছে,ডিজে সাউন্ড সিস্টেম ভাড়া করা হয়েছিল চার হাজার টাকায়।যে ব্যক্তি সাউন্ড বক্স ভাড়া দিয়েছিলেন তিনি জানিয়েছেন, ছাত্ররা অনুমতি আছে দাবী করেছিল। তাছাড়া নিষেধাজ্ঞার কথাও তাঁর জানা ছিল না।স্থানীয় মানুষ হতাশার সুরে বলছেন, আইন যাই থাকুক না কেন, ছাত্রদের মূল্যবোধ দেখে তাঁরা বিচলিত। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, এবিষয়ে অভিভাবকদের স্কুলে তলব করা হবে।।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?