Home » বেলেঘাটায় কীভাবে পুকুর বুজিয়ে চলছে অবৈধ নির্মাণ?

বেলেঘাটায় কীভাবে পুকুর বুজিয়ে চলছে অবৈধ নির্মাণ?

সময় কলকাতা ডেস্ক : বেলেঘাটার চোদ্দো কাঠার পুকুর বাঁচিয়ে রাখা দায় হয়ে উঠেছে। পুকুর বুজিয়ে মাথা তুলছে একের পর এক নির্মাণ কার্য।

জলাশয় আর অরণ্য পরিবেশের ভারসাম্য রক্ষার অন্যতম রসায়ন।স্বার্থসর্বস্ব মানুষের চক্রান্তে অরণ্যের মতই হারিয়ে যাচ্ছে জলাশয়। ছোট বা বড় পুকুর বুজিয়ে প্রশাসনের চোখের সামনে চলছে ‘অবৈধ’ নির্মাণকার্য। ভবিষ্যতের পৃথিবীকে বিপদে ঠেলে দেওয়ার জন্য অনেকাংশেই দায়ী স্বার্থপর মানুষ।পরিবেশের ভারসাম্য নিয়ে তারা মোটেই ভাবিত নয়। পুকুর বুজিয়ে মাথা তোলে একতল, বহুতল -যেমনটা ঘটছে বেলেঘাটার চোদ্দো কাঠা পুকুরে।থানায় অভিযোগ করার পরেও প্রশাসনের নজরের সামনে পুকুর ভরছে আবর্জনার স্তুপ আর কচুরিপানায়। প্রশ্ন উঠছে, প্রশাসন এত নির্বিকার কেন?

বহুদিন ধরেই অভিযোগ ছিল -জমিমাফিয়াদের লোলুপ দৃষ্টিতে বেলেঘাটায় বিরাট একটি পুকুর হারিয়ে যাচ্ছে।অভিযোগ ছিল খোদ কলকাতার বুকে পুকুর বুজিয়ে চলছে বেআইনি নির্মাণ। অভিযোগ আটকে পড়ে থাকে ফাইলের মধ্যে মুখ গুঁজে। ফলশ্রুতি,পরিবেশ ও বাস্তুতন্ত্রে সংকট আরও গভীর করছে বেলেঘাটার চোদ্দো কাঠার পুকুর। আবর্জনার পাহাড় গ্রাস করছে পুকুরের অস্তিত্বকে।প্রশাসনিক হেলদোল না থাকায় বেআইনি নির্মাণকার্য হয়ে উঠছে সহজতর। থানায় অভিযোগ জমা পড়াই সার!

বেলেঘাটার পুকুর চুরি সুস্পষ্ট বার্তা দেয় যে, শিবঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে হয়ে উঠেছে । পুকুরভরাটের বিরুদ্ধে হাজার একটা নিয়ম। তথাপি আইনকে তোয়াক্কা না করে কলকাতার ৩৪ নম্বর ওয়ার্ডে ১৪ কাঠার পুকুর নামে পরিচিত পুকুর ভরাট করার কাজ চলছে।আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে বেআইনি নির্মাণ। বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ প্রশাসন নড়েচড়ে বসার নাম করছে না। গালভরা বুলি নিয়ে প্রশাসন ব্যবস্থা নেওয়ার কথা বললেও কার্যক্ষেত্রে চরম ঔদাসীন্য ঘরবাড়ির নির্মাণকাজে কোনও বাধা তৈরি করছে না। আবর্জনা আর ময়লায় ডুবে যাচ্ছে পুকুর। কিছু অর্থলোভী মানুষের স্বার্থের কাছে হারছে প্রকৃতি। স্বার্থপর মানুষের কুটিল চক্রান্তে কার্যত কালের গর্ভে হারিয়ে যাচ্ছে কলকাতার পুরোনো এক বিরাট পুকুর। আইনের সব দরজার কড়া নাড়ার কাজ সারা।চোদ্দো কাঠার পুকুর বাঁচাতে সুপ্ত প্রশাসনিক উদ্যোগে এক আশ্চর্য মানবিক রূপান্তরের স্বপ্ন দেখা ছাড়া আর কী করার আছে এলাকার প্রকৃতিপ্রেমীদের?

About Post Author