Home » একদল যুবকের তাণ্ডবে আক্রান্ত ৪ রেল পুলিশ, চাঞ্চল্য

একদল যুবকের তাণ্ডবে আক্রান্ত ৪ রেল পুলিশ, চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্ক : হোলির বিকালে একদল যুবকের তাণ্ডবের শিকার হতে হল স্বয়ং রেলের নিরাপত্তা বাহিনীকে।শিয়ালদহ-হাসনাবাদ শাখার বসিরহাট রেলওয়ে স্টেশনের ঘটনা।

শুক্রবার সন্ধ্যায় বসিরহাট রেলওয়ে স্টেশনের স্টাফ কোয়ার্টারের সামনে ডিউটিরত আরপিএফ এর দুই কনস্টেবলের উপর হঠাৎই চড়াও হয় রং মাখা একদল যুবক। তারা ওই দুই কর্মরত কনস্টেবলকে বাঁশ ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে নিজের দপ্তর থেকে বেরিয়ে আসেন বসিরহাট রেলওয়ে স্টেশনের আরপিএফ এর দায়িত্ব প্রাপ্ত আধিকারিক বিনয় রায়। ওই দুই কনস্টেবলকে বাঁচাতে গেলে তিনিও আক্রান্ত হন। তাকেও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যার জেরে তার মাথাও ফেটে যায়। মাথা ফাটে আরো এক কনস্টেবলের।

আরপিএফ ও বসিরহাট জিআরপির একাধিক পুলিশের দল ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই যুবকরা শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যায়। ওই ৪ পুলিশ কর্মীকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর দুই কনস্টেবলকে ছেড়ে দেওয়া হলেও গুরুতরভাবে মাথায় চোট পাওয়ায় কনস্টেবল রাম প্রতাপ প্যাটেল (৩০) ও বসিরহাট রেলস্টেশন আরপিএফ এর অফিসার ইনচার্জ এসআই বিনয় রায় (৫২) কে বসিরহাট জেলা হাসপাতালে চিকিৎসার জন‍্য ভর্তি করা হয়।

আক্রান্ত ওসি বিনয় রায় বলেন, “অতর্কিতে এই আক্রমণে আমরা হকচকিয়ে উঠি, ঠিক কি কারণে ঘটনাটি ঘটলো ঠিক বলতে পারছি না। তবে ঘটনার নেপথ্যে ঠিক কি রয়েছে সেটা তদন্ত করলে জানা যাবে।” ইতিমধ্যে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত ও শিয়ালদহ ডিভিশনের আরপিএফ কর্তারা। দিনে দুপুরে রেলের পুলিশ কর্মীরা যদি এই ভাবে আক্রান্ত হন, তাহলে রেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন চিহ্ন যে থেকে গেল সে কথা বলাই বাহুল্য।

About Post Author