Home » বগটুইয়ের ঘটনায় বিষাদের ছায়া নানুরে

বগটুইয়ের ঘটনায় বিষাদের ছায়া নানুরে

সময় কলকাতা ডেস্ক: নববিবাহিত এক দম্পতি সবেবরাতের ছুটিতে স্বামীকে নিয়ে বাপের বাড়ি ঘুরতে এসেছিলেন। কিন্তু কপালের ফেরে আর শ্বশুর বাড়ি ফিরে যেতে পারলেন না সেই দম্পতি। বগটুই গ্রামে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মৃত্যু হয়েছে সেই দম্পতির। ঘটনায় রামপুরহাট থানার বগটুই গ্রামের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে মেয়েটির শ্বশুরবাড়ি নানুরেও।

জানা গিয়েছে, মাত্র তিন মাস আগে অর্থাৎ চলতি বছরের জানুয়ারি মাসে বগটুই গ্রামের মিজারুল শেখের মেয়ে লিলি খাতুনের সঙ্গে বিয়ে হয় নানুরের কাজি নুরুল জামালের ছেলে কাজি সাজিদুর রহমানের। সোমবার লিলি স্বামীর সঙ্গে বগটুই গ্রামে বাপের বাড়িতে আসে। আর তারপর নির্মম হত্যাকান্ড।সূত্রের খবর মারফত জানা গিয়েছে, হত্যালীলার ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করেছে। আরো অনেকের খোজেই এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ।

রামপুরহাট অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই চাপা আতঙ্ক গ্রাস করেছে গোটা গ্রামকে। প্রাণের ভয়ে পরিবারকে বাঁচাতে একের পর এক মানুষ গ্রাম ছাড়ছেন । বাড়িঘরে তালা ঝুলিয়ে সব কিছু ছেড়ে চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় গ্রাম ছেড়েছে বোমায় নিহত ভাদু শেখের পরিবার। তাদের উপরেও হামলা হতে পারে এই আশঙ্কায় অন্যত্র চলে গিয়েছেন তাঁরা। চারিদিকে ছমছমে পরিবেশ। পুলিশের পাহারা। নিস্তব্ধতা যেন গিলে খাচ্ছে গোটা গ্রামকে। যারা এখনো গ্রাম ছেড়ে যাননি তাঁরা ভয়ে কুকড়ে রয়েছেন। আবারও কি কোন বিপদ অপেক্ষা করে আছে সেই আশঙ্কায় বগটুইগ্রামের বাসিন্দারা।

About Post Author