Home » নদীয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

নদীয়ায় গুলিবিদ্ধ তৃণমূল নেতা

সময় কলকাতা ডেস্ক : বীরভূমের পরে নদীয়া। আবার রক্তাক্ত বঙ্গ রাজনীতি। পানিহাটি, বগটুই এবং ঝালদায় কয়েকদিনের মধ্যে দুই তৃণমূল নেতা ও এক কংগ্রেস নেতা খুন এবং বগটুই গণহত্যা।এরকম উত্তপ্ত রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করল নদীয়ার মুড়াগাছার তৃণমূল নেতা সহদেব মন্ডলের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা। জানা গেছে, তিনি হাঁসখালি দু নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্যা অনিমা মন্ডলের স্বামী। বুধবার রাত নটার দিকে বছর চল্লিশের তৃণমূল নেতা সহদেব মন্ডলের মাথা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।  সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।অভিযোগের তীর বিজেপির দিকে।

আক্রান্ত তৃণমূল নেতা হাঁসখালি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মুড়াগাছার বাসিন্দা । স্ত্রী অনিমা মন্ডল তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আজ রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন ওই এলাকারই বেলতলা পাড়ার স্কুল মাঠের কাছে  কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ধরে এবং তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তৃণমূল নেতা সহদেব মন্ডল। গুলির আওয়াজ পেয়ে এলাকার মানুষ ছুটে এলে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

রক্তাক্ত ও গুরুতর আহত তৃণমূল নেতা সহদেব মন্ডল কে তড়িঘড়ি বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়।  অবস্থার অবনতি দেখে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় ।আত্মীয় পরিজনরা রাতেই আশঙ্কাজনক সহদেব মন্ডলকে এন আর এস হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

কেন এই আক্রমণ? তৃণমূল একে রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করছে।বিষয়ে স্থানীয় এক তৃণমূল নেতা বরকত আলী দফাদার বলেন, বিজেপি ক্রমেই পায়ের তলায় মাটি হারিয়ে হিংসার পথ নিচ্ছে।তাঁর আরও অভিযোগ,এই ঘটনার পেছনেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। বিজেপি অস্বীকার করেছে তৃণমূলের অভিযোগ।পুলিশি তদন্ত চলছে।

About Post Author