সময় কলকাতা ডেস্ক: সম্পূর্ন নিরামিষ একটি পদ এই নারকেল কোরা দিয়ে চালকুমড়োর ছেঁচকি ,নিরামিষ দিনে তো বটেই, অন্যান্য দিনেও এটা গরম ভাত ও ডালের সাথে খেতে খুব ভালো লাগে। আর সেইজন্যই দুপুরেই খাওয়া ভালো।

নারকেল কোরা দিয়ে চালকুমড়োর ছেঁচকি তৈরির উপকরণ
• ১টি বড় কচি চাল কুমড়ো
• ১কাপ নারকেল কোরা (সাদা অংশ)
• ১/২চা চামচ জিরে বাটা
• ১/২ চা চামচ আদা
• ২টি কাঁচালঙ্কা(চেরা)
• ১টি দু খন্ড করা শুকনোলঙ্কা
• ১টি তেজপাতা (ছিঁড়ে)
• ১/২চা চামচ কালোজিরে
• স্বাদ অনুযায়ী নুন
• ১/৪চা চামচ হলুদ গুঁড়ো
• ১চা চামচ চিনি
• প্রয়োজন মতো সাদা তেল

পদ্ধতি
খোসা ছাড়িয়ে জলে ধুয়ে আলু ভাজার মতো করে লম্বা লম্বা কেটে নিতে হবে চাল কুমড়ো। কড়াইয়ে তেল দিয়ে গরম হলে কালোজিরে, শুকনোলঙ্কা, তেজপাতা ফোড়ন দিতে হবে।
তারপর বাটিতে বানিয়ে রাখা জিরে বাটা, আদা বাটা, হলুদ, জল দিয়ে তৈরি মিশ্রণ দিয়ে দিতে হবে ফোড়নের উপর। কষিয়ে নিতে হবে একটু, যতক্ষণ না কড়াইয়ের জল শুকোচ্ছে।
এবারে নারকেল কোরা দিয়ে একটু ভেজে নেব মশলার সঙ্গে।এরপর কেটে রাখা চাল কুমড়ো দিয়ে খানিকটা নাড়িয়ে, সঙ্গে চেরা কাঁচালঙ্কা দুটোও দিয়ে একটু নেড়েচেড়ে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে লো ফ্লেমে রেখে কড়াইটা ঢেকে দেব।
চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেলে ফ্লেম বাড়িয়ে এর মধ্যে থেকে বের হওয়া জল শুকিয়ে নিতে হবে।এই জল শুকোনোর সময় নুন ঠিক আছে কিনা দেখে নিয়ে চিনি মিশিয়ে দিতে হবে।
একেবারে জল শুকিয়ে গেলে তরকারি টা মাখো মাখো হয়ে এলে নির্দিষ্ট পাত্রে ঢেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার