Home » সময় কলকাতা’র খবরের জের, অবশেষে পরিষ্কার হল হাসপাতাল চত্বরে জমে থাকা আবর্জনা

সময় কলকাতা’র খবরের জের, অবশেষে পরিষ্কার হল হাসপাতাল চত্বরে জমে থাকা আবর্জনা

সময় কলকাতা ডেস্ক : সময় কলকাতা খবরের জের । মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে জমে ছিল আবর্জনা। অভিযোগ ওঠে হাসপাতালের গা ছাড়া মনভাবের জন্য ঠিক মত পরিষ্কার হচ্ছে না আবর্জনা । ফলে সেই খবর সময় কলকাতা পোর্টালে সম্প্রচার হতেই নড়ে চড়ে বসে হাসপাতাল কতৃপক্ষ। অবশেষে জমে থাকা আবর্জনা পরিষ্কারের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই পদক্ষেপে খুশি এলাকাবাসী। তবে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পর জেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল। অভিযোগ, এই হাসপাতাল আউটডোর এর পাশে দীর্ঘদিন ধরে জমা হচ্ছিল আবর্জনা। কার্যত আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল এলাকা। দুর্গন্ধ সহ হাসপাতাল চত্বরে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ায় ক্ষোভ বাড়ছিল রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের মধ্যে।

চলতি মাসের ১৯ মার্চ সময় কলকাতার পোর্টালে এই খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ। আউটডোর চত্বর থেকে নোংরা আবর্জনা সরিয়ে ব্লিচিং পাউডার ছড়ানো হয়।চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ত্রিদীপ মাইতি বলেন, ‘হাসপাতালে নোংরা আবর্জনা ফেলার কোন জায়গা ছিল না। তাই হাসপাতাল চত্বরে আবর্জনা জমেছিল। ইতিমধ্যেই আবর্জনা সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।’ পাশাপাশি ওই আবর্জনার উপর মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন, ‘সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হয়েছে বলেই আবর্জনা পরিষ্কার হল। কিন্তু এখনো এই সমস্যার স্থায়ী সমাধান হয়নি।’

About Post Author