Home » চাঁচলে বেআইনি অস্ত্র কারখানার হদিস

চাঁচলে বেআইনি অস্ত্র কারখানার হদিস

সময় কলকাতা ডেস্ক : বেআইনি কার্তুজ সহ অস্ত্র তৈরির কারখানার হদিস মিলল মালদহের চাঁচল থানার দেবীগঞ্জে । ঘটনাস্থল থেকে উদ্ধার ৩৮টি তাজা কার্তুজ । এছাড়াও ওই কারখানা থেকে আগ্নেয়াস্ত্র তৈরির অন্যান্য সরঞ্জামও উদ্ধার করেছে পুলিশ। সন্তোষ কর্মকার নামে এক ব্যক্তি ওই কারখানা চালাত । ইতিমধ্যে চাঁচল থানার পুলিশ সন্তোষ কর্মকারকে গ্রেপ্তার করেছে । ঘটনায় আর কেউ যুক্ত কি না পুলিশ তা খতিয়ে দেখছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সন্তোষ কর্মকার বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় সন্দেহ জনক ভাবে ঘোরাফেরা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের কাছ থেকে ৩৮টি  কার্তুজ, পাইপগান সহ কার্তুজ তৈরির একাধিক সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয় । বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান চাঁচলের মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল ও চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ।


বিপুল পরিমাণ কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঁচল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।বাসিন্দারা জানান, এর আগে এই ধরনের ঘটনা তাঁদের এলাকায় আগে কখনো দেখা যায় নি। এলাকাবাসীর দাবি, ওই ব্যাক্তি যে এলাকায় বেআইনি কার্তুজ ও অস্ত্র তৈরির কারখানা তৈরি করেছিল আমরা তা বুঝতে পারিনি।


চাঁচল সদর মহকুমার পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সন্তোষ কর্মকারকে গ্রেফতার করে। তার কাছ থেকে বেশ কিছু লোহার জিনিস পাওয়া গেছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে পিস্তলের কার্তুজ তৈরির কাজে এই লোহার সরঞ্জাম ব্যবহার করা হত। ঘটনার, তদন্ত শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রীর ঘোষনার পর তেকেই প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলার একাধিক থানা এলাকা থেকে  বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়ে্ছে। পুলিশের জালে বেশ কয়েকজন দুষ্কৃতীরাও ধরা পড়ছে। কিন্তু এবার আর দু’চারটি আগ্নেয়াস্ত্র কিংবা বোমা নয়,  কার্তুজ তৈরির কারখানা হদিশ মিলল চাঁচলের গ্রাম থেকে।এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তা জানতে  ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

About Post Author