Home » বোমা ফেটে জখম শিশু কন্যা

বোমা ফেটে জখম শিশু কন্যা

সময় কলকাতা ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর জেলায় জেলায় বেআইনি অস্ত্র উদ্ধারে অভিযান চালায় পুলিশ। ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে ও বাজেয়াপ্ত করা হয়েছে বেআইনি অস্ত্র। এরই মাঝে বোমা ফেটে জখম হল নয় বছরের এক শিশু কন্যা।এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার  মালদহের রতুয়া থানার চাঁদমনি-১ গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে ব্যপক চাঞ্চল্য ছড়ায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে ভুট্টার জমিতে ঘাস আনতে গিয়েছিল খালেদা বেগম নামে ওই শিশু কন্যা। সেই সময়ই বিস্ফোরণ হয়। গুরুতর জখম অবস্থায় ওই শিশু কন্যাকে প্রথমে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ওই শিশুকন্যার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

উল্লেখ্য, রামপুরহাটের বগটুই গ্রামে নারকীয় গণহত্যার ঘটনায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ওই ঘটনার পরেই বগটুই গ্রাম থেকে রাজ্য পুলিশের ডিজিকে মুখ্যমন্ত্রী অস্ত্র উদ্ধারের নির্দেশ দেন।   তারপরেই তৎপর হয়ে ওঠে পুলিশ। রাজ্যে বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযানে নামে পুলিশ। তারপরও মালদহের চাঁদমনি-১ গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে ভুট্টার জমিতে কিভাবে বোমা এল তা খতিয়ে দেখছে রতুয়া থানার পুলিশ।

About Post Author