সময় কলকাতা ডেস্ক: ঠাকুরনগরে শুরু হয়েছে মতুয়া মহামেলা। মতুয়াদের প্রাণকেন্দ্র ঠাকুরনগরে এই মেলাকে কেন্দ্র করে উৎসাহ, উদ্দীপনা এবং ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। করোনার কারণে গত দু’বছর সেইভাবে মেলা না হলেও এই বছর প্রচুর ভক্ত সমাগম হয়েছে মেলার মাঠ প্রাঙ্গনে।

উল্লেখ্য, আজ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের জন্ম তিথিতে সরকারি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি তাদেরকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আর এই প্রসঙ্গে তাকে কুর্নিশ জানালেন দেশের কেন্দ্রীয় মন্ত্রী বনগাঁর বিজেপি সাংসদ অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর। মন্ত্রী বলেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায়। তিনি মতুয়াদের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছেন তাকে কুর্নিশ জানাই।’ মতুয়া মেলার দ্বিতীয় দিনে প্রায় ২৫ লক্ষ ভক্ত সমাগম হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, প্রাক্তন তৃণমূল সাংসদ মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা বালা ঠাকুর জানান,’ মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তিনি আজকের দিনে সরকারি ছুটি ঘোষণা করেছেন যা মতুয়াদের কাছে বিরাট বড় পাওনা।’

এদিন, ঠাকুরবাড়িতে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া। তিনি বলেন, ‘এত ভক্ত বিশ্বাসের জন্যই ঠাকুর বাড়িতে আসে।’ গতকাল প্রধানমন্ত্রীর ভাষণে নাগরিকত্ব বিষয় না থাকা প্রসঙ্গে তিনি বলেন, নাগরিকত্ব হবেই । হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে মুখ্যমন্ত্রী টুইট করায় একজন মতুয়া হিসাবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান অশোক কীর্তনীয়া।
মতুয়া মহাসঙ্ঘের মিলন মেলা ঐক্যের হলেও মতুয়া পরিবারে রয়েছে রাজনীতির আলাদা রং। কিন্তু সেই রাজনীতিকে রাজনীতির আঙিনায় রেখে মতুয়া মেলা উপলক্ষে এক হয়ে উঠেছে পরিবার। জানা গেছে, ঠাকুরনগর রেল স্টেশন পর্যন্ত বাড়তি রেলসহ তিনটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন শান্তনু। অন্যদিকে, মমতা বালা ঠাকুরের তৎপরতায় ঠাকুরনগর পর্যন্ত বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করেছে রাজ্য পরিবহন দফতর। সব মিলিয়ে সাত দিনব্যাপী এই মতুয়া মেলা ঐক্যের’ বার্তা বহন করছে।


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের