সময় কলকাতা ডেস্কঃ ফের লটারিতে ভাগ্যের চাকা ঘুরল দিনমজুরের। কোটি টাকার লটারিতেই বদলে গেল ভাগ্য। রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। টিকিট ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাত কাটালেন ধানের জমিতে। সকালে থানার হেফাজতে যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর এলাকায়।

পাথরপ্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর মিলনমোড়ের লটারি দোকান থেকে একটি ডিয়ার লটারি কেনে আলফাজুদ্দিন পাইক। তারপর রাতে হঠাৎ মোবাইলে ফোন আসে সে কোটি টাকার লটারি জিতেছে। কোটি টাকা জিতেছেন শুনে নিজেও যেন ঘাবড়ে যায় আলফাজুদ্দিন। কি করবেন? বুঝে উঠতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে বাড়িতে কিছু না বলে ধান জমির ভেতরে ঢুকে নিরাপদ আশ্রয় নেয়। এদিকে রাত পর্যন্ত স্বামী বাড়িতে আসছে না দেখে প্রতিবেশীদের খবর দেয় স্ত্রী। খোঁজাখুঁজি করেও না পেয়ে থানায় খবর দেওয়া হয়।

তারপরে বৃহস্পতিবার ভোরে পুলিশকে দেখে ধান জমির ভেতর থেকে বেরিয়ে আসেন আলফাজুদ্দিন। লটারিতে কোটি টাকা পাওয়ার খবর জানাতেই হতবাক হয়ে যায় পুলিশ থেকে এলাকার লোকজন। সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, পেশায় আলু গোডাউনের মুটে আলফাজুদ্দিন পাইক। বয়স ৩৮। এক মেয়ে, দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ছিটে বেড়ার ঘর করে বসবাস করে। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। যেটুকু রোজগার করে অর্ধেক টাকা লটারি কিনে উড়িয়ে দেয়। এই নিয়ে নিত্যনৈমিত্তিক সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে। আজ স্বামী কোটিপতি হওয়ায় খুশি পরিবারের সদস্যরা। এখন অপেক্ষায় কখন তার প্রাপ্য টাকা নিজের অ্যাকাউন্টে এলে আর বাকি জীবনটা স্বাচ্ছন্দে কাটাবেন আলফাজুদ্দিন ও তাঁর পরিবার।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী