Home » নেই পানীয় জল, উধাও বিজেপি কাউন্সিলর হিরণ

নেই পানীয় জল, উধাও বিজেপি কাউন্সিলর হিরণ

সময় কলকাতা ডেস্ক: জলের অপর নাম জীবন। কিন্তু সেই পানীয় জল থেকে বঞ্চিত পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পুরসভার ৩৩ নং ওয়ার্ডের দীনেশনগর এলাকার মানুষজন। অভিযোগ, এলাকায় কল থাকলেও তাতে নেই জল। দীর্ঘদিন ধরে এই জলের সমস্যায় রয়েছেন এলাকাবাসী। সমস্যা সমাধানের কোনো চেষ্টা করেন নি ওয়ার্ড কাউন্সিলর। আর তাই বিজেপি কাউন্সিলর হিরণময় চট্টোপাধ্যায়ের উপর ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

অভিযোগ, কাউন্সিলর হওয়ার পর থেকে এক বারও এলাকায় মুখ দেখাননি বিজেপি কাউন্সিলর হিরণময় চট্টোপাধ্যায়।পানীয় জল বিভ্রাট নিয়ে বহুবার অভিযোগ জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি এলাকার কাউন্সিলর হিরণময় চট্টোপাধ্যায়। যার ফলে ভরদুপুরে প্রায় ১ কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে এলাকার মানুষদের। পুরসভা ভোটের আগে দেওয়া কোন প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে দাবি এলাকাবাসীর। এলাকায় রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা সবই বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে ভোট দিয়েছিলেন হিরণময় চট্টোপাধ্যায়কে কিন্তু ভোটের পর থেকেই উধাও বিজেপি কাউন্সিলর তথা খড়গপুর বিধানসভার বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়।

সব মিলিয়ে গরম বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পানীয় জলের কষ্ট রোদে গরমে ঘেমে নেয়ে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে কিন্তু জলের জন্য হাঁটতে হচ্ছে অনেকটা পথ। ফলে বিধায়ক ও কাউন্সিলরের ওপর ক্ষুব্ধ এলাকাবাসী। এই বিষয়ে খড়্গপুর ৩৩ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর হিরন্ময় চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করে সময় কলকাতা। কিন্তু একাধিকবার ফোন করা সত্ত্বেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নি। কবে মিটবে এই জলের সমস্যা সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।

About Post Author