Home » ব্যাঙ্কের নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগে বিক্ষোভ বিজেপি বিধায়কের

ব্যাঙ্কের নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির অভিযোগে বিক্ষোভ বিজেপি বিধায়কের

সময় কলকাতা ডেস্কঃ ব্যাঙ্কের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে ব্যাঙ্কের সামনে বিক্ষোভ বিজেপি বিধায়কের। শনিবার বালুরঘাট শহরে মিছিল করে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভ করে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির যুব মোর্চার সদস্যরা।সম্প্রতি, দক্ষিণ দিনাজপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের পিয়ন পদে ১৯ জনের নাম প্রকাশ করা হয়। মাসখানেক আগে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল মোট ১১ জনের শূন্য পদ রয়েছে। তবে শুক্রবার দেখা যায় মোট ১৯ জনকে নিয়োগ করা হবে বলে একটি তালিকা ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তার পরই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি নেতৃত্ব। বিজেপির যুব মোর্চার সদস্যদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণদের নাম বের হতেই দেখা যায় তৃণমূল নেতৃত্বের আত্মীয়দের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। সেই অভিযোগ তুলে এদিন বালুরঘাট শহরের সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির যুব মোর্চার সদস্যরা। বিজেপি নেতৃত্বের আরও অভিযোগ, একের পর এক নিয়োগে দুর্নীতি করছে বর্তমান চেয়ারম্যান। সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের তৃণমূল প্রভাবিত কর্মী ইউনিয়নের একজন প্রভাবশালী নেতার পরিবারের লোকের এই প্যানেলে নাম রয়েছে, নাম রয়েছে বালুরঘাট পৌরসভায় দুজন কাউন্সিলরের ঘনিষ্ঠদের।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, তপনের বিধায়ক বুধরাই টুডু, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী, রাজ্য বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক অভিষেক সেনগুপ্ত সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। প্যানেল বাতিল করা পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানান তাঁরা। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিজেপি নেতৃত্ব।

About Post Author