সময় কলকাতা ডেস্ক: ইনস্ট্রাগ্রামে ভিডিও এখন আকছার বানান হয়। এটাই যেন এখনকার ছেলেমেয়েদের প্যাশন কিন্তু তাই বলে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ভিডিও তৈরি করে ইনস্টাগ্রামে পোস্ট! ছবি দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। ওই যুবককে পুলিশ আটক করে জেরা করতেই হদিস মিলল বেশ কিছু আগ্নেয়াস্ত্রের। গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে।
আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে হিরো সেজে ইন্সটাগ্রামে নিজের ছবি আপলোড করে মগরাহাটের এক যুবক। এরপরই সেই ভিডিও পড়ে যায় পুলিশের চোখে। ভিডিওর সূত্র ধরে মগরাহাটের ওই যুবককে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। মঙ্গলবার রাতেই মগরাহাটের মাইতলা এলাকায় অভিযান চালিয়ে ৮ টি আগ্নেয়াস্ত্র সহ ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত যুবকের নাম ইমরান খান(২০), মগরাহাট থানার বিলন্দপুর খালাপাড়ের বাসিন্দা ইমরান নিজের ইনস্টাগ্রাম একাউন্টে আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও রিলস তৈরি করে আপলোড করে। আর এই ঘটনা পুলিশের নজরে আসতেই মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করে ডায়মন্ড হারবার পুলিশ।
পাশাপাশি, উস্থি থানার নাজরা এলাকা থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে আরো ২ জনকে আটক করা হয়। ধৃত সেলিম সেখ ও আলাউদ্দিন সেখ দেউলার নাজরার বাসিন্দা। সম্প্রতি, উস্থি থানা এলাকার কেয়াকোনাতে বোমা বিস্ফোরণে আহত হয় এক শিশু। তারপর থেকেই অতি তৎপর হয়ে ওঠে পুলিশ। ধৃত ৩ জনকে আজ ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে খবর।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী