Home » মহিষাদলে ফতোয়া জারি করার ঘটনায় গ্রেপ্তার ৫

মহিষাদলে ফতোয়া জারি করার ঘটনায় গ্রেপ্তার ৫

সময় কলকাতা ডেস্ক: সোমবার মহিষাদলের চকদ্বারিবেড়্যা গ্রামে ফতোয়া জারি করা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা গ্রাম। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় পাঁচ জনকে। সোমবার সন্ধ্যায় গ্রাম কমিটির পাঁচ জনকে গ্রেপ্তার করে মহিষাদল থানার পুলিশ।

জানা গেছে, ধৃতদের নাম সুভাষচন্দ্র ঘোড়ই, শংকর প্রসাদ ঘোড়ই, তারকনাথ দাস, সঞ্জয় কুমার সাহু, শুভঙ্কর মাইতি। মহিষাদলের ওই চকদ্বারিবেড়্যা গ্রামে এক প্রকার ফতোয়া জারি করার অভিযোগ উঠেছিল এই গ্রাম কমিটির সদস্যদের বিরুদ্ধে। ফতোয়াতে বলা হয়েছিল গ্রামে কোন সমস্যা হলে জানানো যাবে না প্রশাসনকে। জানাতে হবে গ্রাম কমিটির সদস্যদের। ১২ দফা ফতোয়া জারি করার অভিযোগ উঠেছিল এই সদস্যদের বিরুদ্ধে।এরপরই মহিষাদল থানার পুলিশ তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মঙ্গলবার হলদিয়া জেলা আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, কয়েকদিন ধরে মহিষাদলের লক্ষ্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকদ্বারিবেড়্যার গ্রামে বন্ধ খামের ভেতর একটি লিফলেট করা হচ্ছে। গ্রাম কমিটির তরফে ওই লিফলেট বিলি করা হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের একাংশের। বাড়ির দেওয়ালে এই নোটিস দেখেই হতবাক স্থানীয় বাসিন্দারা। ওই লিফলেটে দাবি করা হয়েছে, গ্রাম্য সাধারণ সভায় বাড়ি পিছু প্রতিনিধিত্ব বাধ্যতামূলক। অন্যথায় কুড়ি টাকা জরিমানা দিতে হবে। পারিবারিক বা প্রতিবেশীদের সঙ্গে কোনো বিবাদ হলে তাও গ্রাম কমিটির নজরে আনতে হবে। এরকম একাধিক ফতোয়া জারি করা হয়েছিল বলে অভিযোগ। সেই ঘটনায় অবশেষে ৫ জনকে গ্রেফতার করা হয়।

About Post Author