Home » বাটখারা নবীকরণে অতিরিক্ত টাকা, বিক্ষোভ ব্যবসায়ীদের

বাটখারা নবীকরণে অতিরিক্ত টাকা, বিক্ষোভ ব্যবসায়ীদের

সময় কলকাতা ডেস্ক: বাটখারা নবীকরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠল জেলা মেট্রলজিক্যাল দপ্তরের অধীনস্থ এক ঠিকাদার সংস্থার কর্মীদের বিরুদ্ধে। প্রতিবাদে এক জোট হয়ে ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন এলাকার ব্যবসায়ীরা। পাশাপাশি অভিযোগ, ওই সংস্থার থেকে বৈধ রসিদ দেওয়া হচ্ছে না।ব্যবসায়ীদের বিক্ষোভের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার হরিশ্চন্দ্রপুরের একটি সভাগৃহে জেলা মেট্রলজিক্যাল দপ্তরের অধীনে থাকা ঠিকাদার সংস্থা বিভিন্ন ব্যবসার কাজে ব্যবহৃত হওয়া বাটখারা যন্ত্রগুলি নবীকরণের কাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সরকারের ঠিক করে দেওয়া মূল্যের থেকে অতিরিক্ত টাকা দাবি করছে ওই ঠিকাদারি সংস্থা। এরপরই ব্যবসায়ীদের সঙ্গে  বচসায় জড়ান ওই সংস্থার কর্মীরা। পাশাপাশি কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান ব্যবসায়ীদের একাংশ।গন্ডগোলের জেরে ব্যাহত হয় বাটখারা নবীকরণের কাজ।

স্থানীয় ব্যবসায়ী রাজেশ সারাফ জানান, এখানে বিভিন্ন ব্যবসার কাজে যুক্ত ওজন যন্ত্র গুলির নবীকরণের কাজ চলছিল। কিন্তু আমরা দেখতে পাই সরকার নির্ধারিত আড়াইশো টাকার বাইরে অতিরিক্ত টাকা দাবি করছে ঠিকা সংস্থার কর্মীরা। কিন্তু কেন এই টাকা অতিরিক্ত হিসেবে নেওয়া হচ্ছে সে সম্পর্কে আমাদের জানানো হচ্ছে না। ব্যাবসায়ীদের অভিযোগ বাটখারা নবীকরণের সময় সংশ্লিষ্ট দপ্তরের কোন আধিকারিক উপস্থিত ছিলেন না । বৃহস্পতিবারের মধ্যে সমস্যার সমাধান না হলে ব্যাবসায়ীরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

বরাত পাওয়া ঠিকাদার সংস্থার কর্মী সুজয় ঘোষ জানান, সরকার নির্ধারিত মূল্য ছাড়া আমরা মেরামত বাবদ কিছু টাকা নিচ্ছি। ওই টাকার বিনিময়ে আমরা মেশিন মেরামত করে দিচ্ছি।

About Post Author