সায়ন মোদক,সময় কলকাতা, নদীয়া : রবিনসন স্ট্রিটের ছায়া নয়, রবিনসন স্ট্রিটকে যেন হার মানাল নদীয়ার ধুবুলিয়া। মৃতা দিদি দেবযানীর সঙ্গে ভাই পার্থ ও বাবার সহাবস্থানকে সময়ের মাপকাঠিতে ছাপিয়ে গেল ধুবুলিয়ায় মেয়ে দোলা দাসের মৃতা মা মন্দিরা দাসের সঙ্গে ছয় মাসের বেশি সময় ধরে ঘর করার ঘটনা। শনিবার রাতে শিহরণ জাগানো ঘটনাটি সামনে আসে,ধুবুলিয়া থানার পুলিশ দেহটি উদ্ধার করেছে।
ধুবুলিয়ায় প্রায় সাতমাস মায়ের মৃতদেহ আগলে রেখেছিল মধ্য চল্লিশের মেয়ে দোলা দাস । প্রাথমিক ভাবে এলাকাবাসীর অনুমান,ছ মাসেরও বেশি সময় আগে মৃত্যু হয় ৬৭ বছরের মন্দিরা দাসের। জানা গিয়েছে,দীর্ঘদিন ধরে মন্দিরা দাসের সাথে যোগাযোগ করে উঠতে পারছিলেন না আত্মীয়রা। অন্যদিকে কাছাকাছি যারা থাকতেন তাঁদেরকে মন্দিরা দাসের মেয়ে বলত মা কলকাতায় আত্মীয়য়ের বাড়ি গিয়েছে। এদিন এক আত্মীয় বাড়িতে আসে। এসে অনেক ডাকাডাকি করার পরে অবশেষে দরজা খুলে তার মেয়ে দোলা দাস। আর দরজা খুলতেই চক্ষু কপালে ওঠে অতিথির। দেখা যায়,মায়ের কঙ্কাল পাহারা দিচ্ছে মেয়ে। মৃতদেহ চাদর দিয়ে ঢাকা, মেয়ে মায়ের পাশেই সময় কাটায়। ধুবুলিয়া থানায় চটজলদি খবর দেওয়া হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। কঙ্কালটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। কঙ্কালটির ফরেন্সিক পরীক্ষা হবে বলে জানা গিয়েছে।
মৃতার মেয়ে দোলা দাসকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দোলা দাস অবশেষে মুখ খুলেছে। সে জানিয়েছে, মা অসুস্থ ছিলেন কিন্তু তাকে কোথাও নিয়ে যেতে বারণ করেছিলেন , কিছুদিন আগে তার মায়ের খাওয়া বন্ধ হয়ে যায় এবং তারপরে বেশ কিছুদিন ধরেই আর কথা বলছেন না তার মা।পুলিশ মৃতার মেয়েকে জিজ্ঞাসাবাদ করে বিষয়টি জানার চেষ্টা করছে, পাশাপাশি মহিলার মনস্তাত্বিক দিক ও খতিয়ে দেখার কথা ভাবছে পুলিশ। রবিনসন স্ট্রিটের পার্থ দে প্ৰিয়জনের বিয়োগ জনিত ” প্যাথলজিকাল গ্রিফের” চরমভাবে শিকার ছিলেন যা মৃত্যুর পরও প্ৰিয়জনকে জীবিত ভাবার প্রবণতার জন্ম দেয় । দোলা দাসও একই ব্যাধির শিকার কিনা তা সময়ই বলবে।


More Stories
কেক কেটে ঈদ উদযাপন
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম