Home » ঝালদা পুরনো থানায় অগ্নিকাণ্ড, এখানেই রাখা সমস্ত সিসিটিভি ফুটেজ, দুর্ঘটনা নাকি প্রমান লোপাটের চেষ্টা ?

ঝালদা পুরনো থানায় অগ্নিকাণ্ড, এখানেই রাখা সমস্ত সিসিটিভি ফুটেজ, দুর্ঘটনা নাকি প্রমান লোপাটের চেষ্টা ?

সময় কলকাতা ডেস্কঃ ঝালদা হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মাঝে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ঝালদার পুরনো থানায়। সোমবার দুপুরে হঠাৎই পুরনো থানায় আগুন লেগে যায়। দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রনে আসে আগুন। ঝালদা পুরসভার কাউন্সিলর তপন কান্দু হত্যার তদন্ত করছে সিবিআই। সেই খুনের সিসিটিভি ফুটেজ ও শহরের সিসি ক্যামেরার ফুটেজ এই ঝালদা পুরানো থানাতেই সংরক্ষিত করা রয়েছে । সোমবার বেলায় এই অগ্নিকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে, এটা নিছক দুর্ঘটনা নাকি অন্য কোন কারণ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, থানা চত্বরে সার দিয়ে রাখা ছিল পুলিশের বাজেয়াপ্ত করা একের পর এক মোটরসাইকেল। সেই মোটরসাইকেলগুলিও আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডের জেরে থানার একাংশ পুড়ে গিয়েছে।
এদিকে পুরনো থানা থেকে ঝালদা পুরশহরের ৩৬টি সিসিটিভি ফুটেজের মনিটরিং হয়। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনার আগে, খুনের ঘটনার দিন, খুনের ঘটনার পর ঝালদা শহরের প্রায় সমস্ত সিসিটিভি ফুটেজ সিট পুরুলিয়া জেলা পুলিশ কার্যালয়ে নিয়ে যায়। সেখান থেকে অধিকাংশ ফুটেজ ইতিমধ্যেই সিবিআই আধিকারিকদের হাতেও চলে গিয়েছে। তবে নতুন থানার সিসিটিভি ফুটেজের ১৫ দিনের বেশি সংরক্ষণ করা হয় না। তাই ২৮ মার্চের আগে ওই থানার কোনও ফুটেজ পুরুলিয়া জেলা পুলিশ সিবিআইকে দিতে পারেনি। সে কারণেই ঝালদার পুরনো থানায় অগ্নিকাণ্ডকে হালকাভাবে দেখছে না সিবিআই।

পুলিশের দাবি, থানার পাশ দিয়ে অন্নপূর্ণা পুজোর ঘট বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল। পটকা ফাটানো হচ্ছিল। শোভাযাত্রা থেকে পটকা থানার দিকে ছোঁড়া হয়। আর সেখান থেকেই থানায় আগুন লেগে যায়। অন্যদিকে থানার এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিরোধীদের একাংশের দাবি, প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছে।

About Post Author