Home » প্রসূতির মৃত্যু, শান্তিপুরে নার্সিংহোম ভাঙচুর

প্রসূতির মৃত্যু, শান্তিপুরে নার্সিংহোম ভাঙচুর

সায়ন মোদক , সময় কলকাতা নদীয়া :- অভিযোগ, চিকিৎসা গাফিলতির কারণে রোগীর মৃত্যু। আর এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়াল  নদীয়ার শান্তিপুরে।

কার্যত নার্সিংহোমে প্রসূতি মহিলার মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এদিন । ভাঙচুর করা হয় নার্সিংহোমের আসবাব ও যন্ত্রপাতি। রোগীর আত্মীয়স্বজনের আক্রমনাত্মক রূপ দেখে আতঙ্কিত চিকিৎসকবর্গ ।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে শান্তিপুর থানার বিশাল পুলিশবাহিনী। রোগী পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয় প্রসূতি মহিলার।

উল্লেখ্য,এর আগেও চিকিৎসার গাফিলতির কারণেই  এক প্রসূতি মহিলার মৃত্যু হয়েছিল এই নার্সিংহোমেই। জানা যায়, বৃহস্পতিবার সকালে শান্তিপুর স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ার বাসিন্দা দুর্গা পাশওয়ান তার স্ত্রীকে অন্তসত্ত্বা অবস্থায় শান্তিপুর এক নম্বর রেলগেট সংলগ্ন  একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করায়। তার কিছু সময় বাদে ওই মহিলার শল্য চিকিৎসার পরেই ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকদের দাবি, ওই মহিলার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়, এবং প্রচুর রক্তপাত হতে শুরু করে। এমতাবস্থায়  অন্যত্র স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয় , কিন্তু তার আগেই মৃত্যু হয় ওই প্রসূতি মহিলার।

মৃতার পরিবারের অভিযোগ, মৃত্যুর দুঘন্টা বাদে পরিবারকে খবর দেয় নার্সিংহোম কর্তৃপক্ষ। রোগীর শারীরিক অবনতির কথা জানানো হয়নি পরিবারকে, সম্পূর্ণ চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ওই প্রসূত মহিলার। জানা যায় মৃত মহিলার নাম সোমা পাশওয়ান, বয়স আনুমানিক ২৭ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় নার্সিংহোম চত্বরে, এর পরেই রোগীর পরিবারের লোকজন নার্সিংহোম লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে, এছাড়াও নার্সিংহোমের ভেতরে ঢুকে ভাঙচুর করে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।  রোগী পরিবারের সাথে কথা বলে জানা যায় সদ্যজাত শিশুর প্রাথমিকভাবে শারীরিক অবস্থা খারাপ হলেও এখন বর্তমানে সুস্থ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে নার্সিংহোম চত্বর এলাকায়।  প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে নার্সিংহোমের সামনে।।

About Post Author