সময় কলকাতা ডেস্কঃ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে বাংলা নববর্ষ। আর এই নববর্ষের শুরুতে সাঁতরাগাছি ট্রাফিক পুলিশের তরফে দেখা গেল এক অভিনব উদ্যোগ। গাড়ি চালকদের মিষ্টি মুখ করালেন তাঁরা। বাতাসা ও জল তুলে দিয়ে সচেতনতার বার্তা দেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা।

সাধারণত হাত দেখিয়ে গাড়ি দাঁড় করিয়ে কাগজ পরীক্ষা করার চিত্র দেখে অভ্যস্ত সকলেই। তাই রাস্তায় গাড়ি চালানোর সময় ট্রাফিক পুলিশ হাত দেখিয়ে গাড়ি দাঁড় করাতে বললেই মন ভয় ও একরাশ বিতৃষ্ণায় ভরে যায় সকলেরই। তবে আজকে গাড়ি থামিয়ে কাগজ দেখতে চাওয়া নয় জলের বোতল ও বাতাসা খাইয়ে মিষ্টি মুখ করালেন সাঁতরাগাছি ট্রাফিক পুলিশের কর্মীরা। নিদারুণ গরমে যখন প্রাণ ওষ্ঠাগত। সেই সময় সামান্য জল ও বাতাসাও প্রাণে এক অনন্য অনুভূতি এনে দেয়।

ট্রাফিক পুলিশ সূত্রে খবর, নতুন বছরের শুভেচ্ছা ও ট্রাফিক সচেতনতা বৃদ্ধির উদ্যেশ্যে এই কর্মসূচি।সাঁতরাগাছি ট্রাফিক পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গাড়ি চালকরা। এভাবেই বছরের সব দিনে চালক ও পুলিশের সম্পৰ্ক সুমধুর হোক চাইছেন দু’পক্ষই।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের