সময় কলকাতা ডেস্ক: ধর্ষণের প্রমান দিতে না পারলে ডাণ্ডা মেরে ঠাণ্ডা করে দেওয়ার নিদান শাসক দলের ব্লক সভাপতির। সম্প্রতি মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূলের ব্লক সভাপতি আফরোজ সরকারের একটি ভিডিও বার্তা ভাইরাল হয়েছে। তাতেই বিরেধীদের ঠাণ্ডা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শাসকদলের এই ব্লক সভাপতি। যা নিয়ে রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠছে।

হাঁসখালি বর্বরোচিত ঘটনার পর থেকেই ধর্ষণ কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এরই মাঝে রাজ্যে আরও বেশ কয়েকটি নাবালিকা ধর্ষণের কাণ্ড সামনে এসেছ। ফলে বিরোধীদের একের পর এক আক্রমণের জেরবার রাজ্যের শাসক দল। হাইকোর্টের নির্দেশে চারটি ধর্ষণ মামলার দায়িত্বভার তুলে দেওয়া হয় প্রাক্তন আইপিএস অফিসার দময়ন্তী সেনকে। পাশাপাশি হাঁসখালি কাণ্ডের দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার পর বিতর্ক আরও জোরালো হয়। এরমাঝেই মুর্শিদাবাদের ভগবানগোলার তৃণমূলের ব্লক সভাপতি আফরোজ সরকারের ভাইরাল হওয়া একটি বক্তব্য নতুন করে সমস্যা বাড়িয়েছে শাসক দলের।

আফরোজের দাবি, ধর্ষণ হলে তার প্রমাণ দিতে হবে। তারপরেই পুলিশকে খবর দিতে হবে। যারা কোন প্রমাণ ছাড়া প্রতিবাদ করবে, তাঁদের উদ্দেশ্যে এদিন ‘ডাণ্ডা মেরে ঠান্ডা করে’ দেওয়ার হুঁশিয়ারিও দেন এই তৃণমূল নেতা। বর্তমানে হাঁসখালি ধর্ষণকাণ্ডের প্রতিবাদে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল করছে বিরোধী দলগুলি। সম্প্রতি, মুর্শিদাবাদে সিপিএমের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়। এরপরেই এদিন সিপিএম দলের সমালোচনায় মুখর হন আফরোজ। তিনি বলেন, “যদি ধর্ষণের ঘটনা ঘটে থাকে তবে তার আগে প্রমাণ দিক। তারপরে আমরা ইন্সপেক্টর এবং ওসি সাহেবকে সব বলব। কিন্তু তার আগে এসব মিছিল করা যাবে না। বিরোধীদের মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর এই কৌশল কখনোই সফল হবে না।”

পাশাপাশি তিনি হুঁশিয়ারির সুরে বলেন, “যদি সিপিএম বেশি বাড়াবাড়ি করে, তবে ওদেরকে ঠান্ডা করে দেব। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উল্টোপাল্টা কিছু কথা বললে ‘ডাণ্ডা মেরে ঠান্ডা করব’। আমি এলাকার সভাপতি থাকবো কি থাকবোনা, সে বিষয়ে আমারও কোনরকম মাথাব্যথা নেই।”

তৃণমূল নেতা আফরোজের এই মন্তব্যের পর আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ধর্ষণের প্রমাণ প্রসঙ্গে তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএম দলের তরফ থেকে বলা হয়, “এটাই তৃণমূল দলের সংস্কৃতি। তৃণমূলের নেতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত একই মন্তব্য করে যাচ্ছেন। এখন সবাই জেনে গেছে, তৃণমূলের ব্লক সভাপতি মানেই হল থানা। আমরা এতদিন ধরে যা প্রমাণ করার চেষ্টা করছিলাম, আফরোজ সরকার এদিন ঠিক সেটাই প্রমাণ করলেন।”


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?