Home » রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের, শ্রীলংকার পর এবার কি বিপর্যয় নেপালেও?

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের, শ্রীলংকার পর এবার কি বিপর্যয় নেপালেও?

সময় কলকাতা ডেস্কঃ শ্রীলংকার পরে এবার কি বিপর্যয় নেপালে? ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের অপ্রত্যাশিতভাবে মুদ্রা সংকট দেখা দিয়েছে। পাশাপাশি জ্বালানির দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশছোঁয়া। এইরকম অবস্থায় সরকারি দপ্তর দু’দিন বন্ধ রাখার কথা ভাবতে চলেছে নেপাল সরকার। সূত্রের খবর নেপালের দুটি সরকারি সংস্থা, এই ছুটি ঘোষণার প্রস্তাব দিয়েছে নেপাল সরকারকে। একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। দেড় মাসেরও বেশি সময় ধরে। ফলে বেড়েছে অপরিশোধিত তেলের মূল্য। তাছাড়া তেল উৎপাদনকারী অন্যান্য যে সমস্ত দেশ রয়েছে, যেমন ভেনিজুয়েলা, ইরান থেকেও পেট্রোলিয়াম জাত জ্বালানি কেনায়, নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অপরদিকে পর্যটন নির্ভর নেপাল করোনা মহামারীর জেরে, আন্তর্জাতিক ভ্রমণ স্থগিত রেখে ছিল। এর ফলে নেপাল সরকারের অর্থনীতিতে নেমে এসেছে মন্দা। ফলে বৈদেশিক মুদ্রার ভান্ডারে টান পড়েছে।যার ফলে আরও ঘোরালো হয়েছে পরিস্থিতি, এবং বাইরে থেকে তেল কিনতে সম্পূর্ণ ব্যর্থ নেপাল সরকার। সেই কারণে ভুগছে সে দেশের সাধারণ মানুষ। এর আগে অয়েল কর্পোরেশন ভর্তুকি দিয়ে তেল বিক্রি করার জেরেই এই সংকট দেখা দিয়েছে বলে মনে করছে সরকার। সরকারের এক মুখপাত্র জ্ঞানেন্দ্র বাহাদুর কারকি গণমাধ্যমকে বলেছেন, দুদিন সরকারি দপ্তর বন্ধের ব্যাপারে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা এখনো চূড়ান্ত সীলমোহর দেওয়া হয়নি। সম্পূর্ণ বিবেচনাধীন রয়েছে। বৈদেশিক মুদ্রা সংকট মোকাবিলা করার জন্য নেপাল সরকার বিদেশে বসবাসরত নেপালি নাগরিকদের, দেশের ব্যাংকগুলিতে ডলারে একাউন্ট খুলতে এবং বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।পাশাপাশি  নেপাল সরকার  দামি গাড়ি, সোনা, এবং অন্যান্য বিলাসবহুল পণ্যের আমদানিতে কঠোর ভাবে রাশ টেনেছে। কারকি আরো বলেন, সরকারি  আমদানিকৃত যানবাহন, এবং এই জাতীয় অন্যান্য পণ্যের উপর শুল্ক কমাতে পারে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author