সময় কলকাতা ডেস্ক: হাঁসখালির নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম-সহ বাম নেতারা। পুলিশ ও সিবিআইয়ের ভূমিকায় নাবালিকার পরিবার সন্তুষ্ট কি না তা বোঝার চেষ্টা করেন তাঁরা। ৪ এপ্রিল রাতে কীভাবে ঘটনা ঘটেছিল তারও বিবরণ শোনেন। কথা বলেন, নির্যাতিতার প্রতিবেশীদের সঙ্গেও। সেলিমের কাছেও অভিযুক্তের বাবা মায়ের বিরুদ্ধে তাঁদের ক্ষোভ উগরে দেন এলাকাবাসী।

রবিবার ট্রেনে করে হাঁসখালির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান মহম্মদ সেলিম। ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে শাস্তির দাবিতে রবিবার বিকালে হাঁসখালিতে প্রতিবাদ মিছিল করেন বাম নেতারা।পাশাপাশি নির্যাতিতার পরিবারের কোনও সাহায্য প্রয়োজন হলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।অন্যদিকে হাঁসখালি ঘটনায় ধৃত রঞ্জিত মল্লিককে ১২ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ রানাঘাট মহুকুমা আদালতের।

এর পর সংবাদমাধ্যমকে সেলিম বলেন, ‘অপরাধীদের পক্ষে দাঁড়িয়ে তাদের গুণগান করা শুধু নয়, নির্যাতিতা নাবালিকার ঘাড়ে সব দোষ চাপিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর শুধু নির্যাতিতা নাবালিকাই নয় রাজ্যের সমস্ত নাবালিকাকে অপমান করেছেন। বাংলায় কোনদিন এই ধরনের ঘটনা ঘটেনি।

সেলিম বলেন, ‘তৃণমূল আমলে সারা পশ্চিমবঙ্গ অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই পরিস্থিতি বেশিদিন চলতে পারেনা। মানুষ কোনও দিন ক্ষমা করবে না’।বিজেপির অন্দরে বিক্ষোভ নিয়ে সেলিমের কটাক্ষ, একদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির মন্ত্রী আর শুভেন্দু অধিকারী আবার তৃণমূল নেতা হবেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?