Home » মুর্শিদাবাদের পর পদত্যাগ নদিয়া উত্তরের বিজেপি পদাধিকারীদের

মুর্শিদাবাদের পর পদত্যাগ নদিয়া উত্তরের বিজেপি পদাধিকারীদের

সময় কলকাতা ডেস্ক: মুর্শিদাবাদের পর এবার ক্ষোভের সুর নদিয়া উত্তরের বিজেপি পদাধিকারীদের কণ্ঠে। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে এবার পদত্যাগ করলেন নদিয়া উত্তর সাংগঠনিক জেলার ১০ জন পদাধিকারী। রাজ্য বিজেপি সভাপতিকে একটি হাতে লেখা চিঠি দিয়ে পদত্যাগ করেছেন তাঁরা। এই পদাধিকারীরা সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন নদিয়া উত্তর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে। অন্যদিকে, অর্জুন বিশ্বাসের পালটা দাবি, “আবেগের বশেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ওই নেতারা।”কিন্তু কী এমন হল যে এমন পদ ছাড়ার হিড়িক পড়ে গেল বিজেপির অন্দরে?

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই পরিস্থিতিতে দল কতটা ধরে রাখা যাবে সেই প্রশ্নও উঠছে। দলের কারোর সঙ্গে আলোচনা না করেই  একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ উঠেছে নদিয়া উত্তর বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে। আর তার জেরেই কার্যত তার বিজেপির নদিয়া উত্তর সাংগঠনিক জেলায় এই গণপদত্যাগ।

বিজেপি সূত্রে খবর, পদত্যাগী নেতাদের মধ্যে তিনজন সাধারণ সম্পাদক, ৪জন সহ সভাপতি, ৩জন সম্পাদক। জেলা সভাপতির কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। পাশাপাশি তাঁরা রাজ্য সভাপতির কাছেও পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন বিজেপির নেতারা।যা প্রাকাশ্যে আসতেই জেলার পাশাপাশি রাজ্যজুড়ে বিজেপির অন্দরে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে।

শুধু নদিয়া নয় রাজ্যের একাধিক জেলায় বিজেপির অন্দরে ক্ষোভের আগুন ধিক দিক করে জ্বলছে।তাই মুর্শিদাবাদ ও নদিয়ার পর এবার কোন জেলায় এই পদত্যাগের সংক্রমণ ছড়ায় সেটাই এখন দেখার। তবে শুধুই কি পদত্যাগ নাকি দলও ছাড়বেন অনেকে? তা নিয়ে ব্যপক গুঞ্জন ছড়িয়েছে।

About Post Author