Home » গরমের শুরুতেই জল সংকট দুবরাজপুরে, ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের

গরমের শুরুতেই জল সংকট দুবরাজপুরে, ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের

সময় কলকাতা ডেস্কঃ গত কয়েক বছর ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ।বীরভূমের দুবরাজপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ায় এই জল কষ্ট  চার বছরের ।এলাকার বাসিন্দাদের অভিযোগ, সমস্যার কথা জানিয়ে  একাধিকবার পুরসভার কাছে দরবার করেও কোনও সুরাহা হয়নি। তাঁদের অভিযোগ, ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পানীয় জলের সমস্যা মেটানোর জন্য প্রতিশ্রুতি দেন।  ভোট মিটলেই জলের ব্যবস্থা হবে আশ্বাস দিলেও ভোট মেটার পর আর জলের ব্যবস্থা হয় না।তাতেই ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা।

পশ্চিমপাড়ার বাসিন্দাদের  অভিযোগ, ওয়ার্ডের কাউন্সিলারকে বার বার বলার পরেও বিষয়টি নিয়ে তিনি কর্ণপাত করেননি। পাশাপাশি পুরসভা ডেপুটেশন ও  পথ অবরোধ করার পরেও জলের সমস্যা মেটেনি। স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘চার বছর ধরে জলের সমস্যায় রয়েছি, এক কলসি জলও পাই না, রান্না করে কি করে খাব? ভোটের বেলায় সবাই চলে আসে কিন্তু এখন আর কারো দেখা নেই।’ অন্য এক স্থানীয় বাসিন্দার কথায়, ‘অন্য পাড়ায় জল আনতে গেলে কেউ জল দিতে চায় না।

পানীয় জলের সমস্যা প্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর সেখ নাজির উদ্দিন জানান, ‘কমবেশি সব জায়গাতেই এখন জলের কষ্ট চলছে। পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না। মূলতঃ গরমকালে এই সমস্যা হয়ে থাকে। সমাজের কিছু অসাধু মানুষ মটর দিয়ে জল নেওয়ার চেষ্টা করছে। এটা আমরা পুরসভা থেকে মাইকিং করে বন্ধ করার চেষ্টা করেছি।যদি এরকম কেউ ধরা পড়ে তাহলে তার কানেকশন কেটে দেওয়া হবে। যাতে পর্যাপ্ত জল সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।’ পৌর প্রধান পীযূষ পাণ্ডে জানান, ‘ওই ওয়ার্ডে একটু জলের সমস্যা রয়েছে। পাইপ লাইনের ভাল্ব বিকল হয়ে যাওয়ার জন্য এটা হয়েছে। ঠিক হয়ে গেলে আমরা তাড়াতাড়ি জলের সমস্যা মিটিয়ে দেব। জল নিয়ে কিছু লোক রাজনীতি করছে। শীঘ্রই জলের ব্যবস্থা হয়ে যাবে।’

About Post Author