সময় কলকাতা ডেস্কঃ শিব মন্দিরের পাশে মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হল এক অনাদি শিবলিঙ্গ। উত্তরবঙ্গের ময়নাগুড়ি থানার অন্তর্গত জল্পেশ মন্দিরের ঘটনা। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
মন্দির কমিটি সুত্রে জানা গিয়েছে,উত্তরবঙ্গের সবথেকে বড় শিবতীর্থ জল্পেশ মন্দিরে কিছুদিন আগে স্কাই ওয়াক নির্মাণের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘোষণা মতোই উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের পক্ষ থেকে ৫ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ জল্পেশ মন্দির সংলগ্ন চত্বরে জেসিবি দিয়ে মাটি খুঁড়ছিলেন এক ব্যক্তি। সে সময়ই তিনি লক্ষ্য করেন পাথরের কিছু একটা রয়েছে মাটির নীচে। সে জেসিবি দিয়ে ভালো করে মাটি সরাতেই বেরিয়ে আসে একটি প্রাচীন শিবলিঙ্গ।একই সঙ্গে উদ্ধার হয়েছে লোহার তৈরি একটি ঘণ্টাও।এরপর ওই ব্যক্তি খবর দেন জল্পেশ মন্দিরের পুরোহিতকে।খবর পেয়ে তৎক্ষণাৎ মন্দিরের পুরোহিত সহ মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং মূর্তিটিকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে।শিবলিঙ্গটিকে দেখতে এদিন কাতারে কাতারে মানুষ ভিড় জমান মন্দির প্রাঙ্গণে।এমনকি শিবলিঙ্গ দর্শনের পাশাপাশি পুজোও দেন অনেকে।

এ বিষয়ে জল্পেশ ট্রাস্টিবোর্ডের সম্পাদক গিরীন্দ্রনাথ বর্মন বলেন,‘মূল মন্দিরে যে আদি লিঙ্গ রয়েছে এই লিঙ্গটিও দেখতে অনেকটা তার মতো।মন্দিরে যতটা গভীরে শিব লিঙ্গ রয়েছে এই লিঙ্গটিও ঠিক ততটাই গভীর থেকে উদ্ধার হয়েছে।এটি এখন মন্দিরেই থাকবে।পুরোহিতেরা নিয়ম মেনে স্থাপন করে পুজো করবেন।’ অন্যদিকে এই ঘটনায় এলাকাবাসী তথা আইনজীবী শিব শঙ্কর দত্ত বলেন,‘এই শিবলিঙ্গটি দেখে মনে হচ্ছে অনেক প্রাচীন।মূল জল্পেশ মন্দিরের পাশ থেকে উদ্ধার হয়েছে।তাই আমাদের দাবি এটিকে প্রত্নতাত্ত্বিক বিভাগের হাতে তুলে দেওয়া হোক।একইসঙ্গে এই এলাকায় আরও খননকাজ চালাক প্রত্নতাত্ত্বিক বিভাগ।’
উল্লেখ্য,বাংলার অন্যতম জনপ্রিয় শিব মন্দির এই জল্পেশ মন্দির।এখানে মন্দিরের মাঝে একটি গর্তে জলের মধ্যে অবস্থান শিবলিঙ্গের।যাকে অনাদি শিবও বলা হয়।


More Stories
পারিবারিক ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরে স্ত্রীকে খু*ন করে আত্ম*ঘাতী স্বামী
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন