সময় কলকাতা ডেস্কঃ দু’দিনের রাজ্য সফরে এসে শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরেই সটান কাশিপুরে মৃত অর্জুন চৌরাসিয়ার বাড়ি গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কথা বলেন মৃত অর্জুন চৌরাসিয়ার পরিবারের সঙ্গে। সেখানে মৃত বিজেপি নেতার পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার তীব্র নিন্দা করেন তিনি।মৃতের পরিবারের সঙ্গে দেখা করে রিপোর্ট তলবের কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি সিবিআই তদন্তের দাবিও করেন। এমনকি তাঁর স্বরাষ্ট্র দফতর সরাসরি রিপোর্ট তলব করে রাজ্য সরকারের কাছ থেকে।
তিনি কাশীপুরে পৌঁছে সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘অর্জুন চৌরাসিয়াকে রাজনৈতিক ভাবে হত্যা করা হয়েছে।এই ঘটনা জঘন্য। গতকালই তৃণমূল কংগ্রেসের একবছর হয়েছে। তার পরের দিনই রাজ্যে রাজনৈতিক হত্যার ঘটনা ঘটল।ভোট পরবর্তীতে বিরোধী দলের নেতাদের হত্যা করার একের পর এক উদাহরণ সামনে আসছে। রাজ্য সরকারের কাছে স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট তলব করছে। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি সুনিশ্চিত করব। এই হত্যাকাণ্ডের সিবিআই তদন্ত হওয়া উচিত।
উল্লেখ্য, শুক্রবার কলকাতার কাশীপুরে যুবনেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এই যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই নিয়ে শাসক–বিরোধীর তরজা তুঙ্গে উঠেছে। প্রশ্ন উঠছে অর্জুন কার? বিজেপি ও তৃণমূল কংগ্রেস দু’জনেই অর্জুন চৌরাসিয়ার দাবিদার। তারই মধ্যে অমিত শাহ উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় এসেই সরাসরি হাজির হন কাশীপুরে যুবনেতা অর্জুন চৌরাসিয়ার বাড়িতে। এদিকে এই ঘটনার পরই এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মৃত বিজেপি নেতার মা। এমনকি নিহতের ময়নাতদন্ত আলিপুরের কমান্ড হাসপাতালে করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?