Home » টলিউডে এবার নতুন ‘নন্দন’!

টলিউডে এবার নতুন ‘নন্দন’!

সময় কলকাতা ডেস্কঃ টলিউডে এবার নতুন ‘নন্দন’।হ্যাঁ ঠিকই শুনছেন,তবে ঠিকানা কিন্তু রবীন্দ্রসদন নয়।নতুন ঠিকানা হল টালিগঞ্জের বাঙুর হাসপাতালের ঠিক পাশেই রাধা স্টুডিও।এবার থেকে খুব কম খরচে সেখানেই দেখা যাবে বাংলা সিনেমা।শুক্রবার দুপুরে উদ্বোধন হয় এই সরকারি সিনেমা হলের।অন্যান্য বাণিজ্যিক সিনেমা হলের মতোই টিকিট কেটে বছরভর এখানে ছবি দেখা যাবে।


রাধা স্টুডিওকে সরকারি সিনেমা হল হিসাবে উদ্বোধনের ঘোষণা হয়েছিল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ঘোষণা করেছিলেন।তাঁর ঘোষণা মতোই শুক্রবার থেকে সরকারি সিনেমা হল হিসেবে চালু হল রাধা স্টুডিও।শুক্রবার প্রথম শো ১টায় ছিল।সেখানে দেখানো হয়েছিল দেব ও রুক্মিণী জুটির ছবি ‘কিশমিশ’।তার পর অর্থাৎ ৪টের শোয়ে দেখানো হয় সোহম-প্রিয়াঙ্কার ‘কলকাতার হ্যারি’ ছবিটি।সব শেষে ৭টার শোয়ে ছিল ‘একেনবাবু’।প্রতিদিনই ১টা, ৪টে, ৭টা এই তিনটে শোয়েই দেখানো হবে ছবি।

তবে পরবর্তীতে সময় পরিবর্তন হতে পারে।টিকিটের দাম ধার্য করা হয়েছে মাত্র ৩০ টাকা।অনলাইন এবং কাউন্টার থেকে অগ্রিম ও কারেন্ট বুকিংয়ের মাধ্যমে টিকিট পাওয়া যাবে।শো-এর আধ ঘণ্টা আগে থেকে পাওয়া যাবে কারেন্ট টিকিট।নন্দনের মতই বুক মাই শো অ্যাপ থেকে কাটা যাবে অগ্রিম টিকিট।

টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালের পাশেই রাধা স্টুডিও।বহু স্মৃতিবিজড়িত সেই স্টুডিওকেই চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে বদলে ফেলে সিনেমার সংগ্রহালয় করা হয়।এখানে সিনেমার গবেষণার স্বার্থে, চলচ্চিত্র নিয়ে পড়ুয়াদের প্রশিক্ষণের জন্য তৈরি করা হয় প্রায় দেড়শো আসনের অডিটোরিয়াম।এবার এই অডিটোরিয়ামকেই বদলে ফেলা হল সিনেমা হলে।১৫২ টি শীততাপ নিয়ন্ত্রিত আসন বিশিষ্ট এই প্রেক্ষাগৃহটি বাংলার সিনেমাপ্রেমীদের জন্য বড় উপহার বলা যেতে পারে।

About Post Author