Home » সাদাত হাসান মানটোকে আমরা জানলাম না

সাদাত হাসান মানটোকে আমরা জানলাম না

সময় কলকাতা ডেস্ক :  ৪৩ বছরের জীবনকালে লেখক সাদাত হাসান মানটো আমাদের যা উপহার দিয়েছেন তাঁর গভীরে আমরা যে যেতে পারি নি তা আজ দিনের আলোর মত পরিষ্কার। পাকিস্তানে তিনি কেন গেলেন আর কেনই বা পাকিস্তানে বসে পাকিস্তানের হিন্দু নিপীড়ন বা ভারতের মুসলিম নিপীড়নের বর্ণনা করলেন তার প্রশ্ন আমরা তুলি আর তখন ভুলেই যাই দেশকালের উর্দ্ধে ছিলেন সাদাত হাসান মানটো।ভুলে যাওয়ার একটাই কারণ। সাদাত কে আমরা সেভাবে জানলাম না, আমরা চিনলাম না।

তাঁকে আমরা কখনও বামপন্থী লেখক বলি, কখনও তথাকথিত শ্লীলতা-অশ্লীলতার গণ্ডীতে তাঁকে বেঁধে রাখার চেষ্টা করি। তাঁকেই আবার প্রতিবেশী রাষ্ট্র আত্মবিস্মৃত পাকিস্তানি বলে যেন তকমা দেয় আর ভারতে তাঁর লেখা যেন সে অর্থে পঠন হয় না কারণ তিনি যে ‘শত্রু রাষ্ট্রের’ লেখক। শিল্পীর শিল্পকে নিয়ে কাটাছেঁড়ার ফাঁকে কখন যেন হারিয়ে যান লেখক সাদাত হাসান মানটো।

আর তাই বা হবে না কেন? উপমহাদেশের দাঙ্গা আর দেশভাগের ক্ষতের চিত্র যে তাঁর মত কেউ তুলে ধরেন নি। সাদাতের লেখা যে রক্তাক্ত বাস্তব। দেশভাগে দু দেশেই দুর্বল মানুষ অত্যাচারিত হয়েছেন। আজ, এতদিন পরে,যখন পাকিস্তানে বা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার চলে অথবা ভারতে মুসলিম নারীদের গণধর্ষণের নিদান দেন নেতা-নেত্রীরা তখন সাদাত স্মরণীয় । যখন একদিকে প্রতিবেশী রাষ্ট্রে মন্দির ভাঙা হয়, হিন্দু নির্যাতন হয় আর এদেশে ‘শূদ্র নারী অচ্ছুত, কিন্তু তার যোনি পবিত্র’ এবং ‘মুসলিম মেয়েদের কবর থেকে তুলে ধর্ষণ করা উচিত’ প্রকাশ্যে ঘোষণা করা হয় তখন সাদাত হাসানকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়। মানটোকে ধর্মের ছাতার তলায় আশ্রয় নেওয়া মানুষেরা বাস্তচ্যুত করে দেয়, দিতে চায় । অতীতে এবং বর্তমানে এদেশে বা পাকিস্তানে মানটো পাঠ থেকে দূরে থাকার পাঠ চলতে থাকে ।

তথাপি এজাতীয় অন্ধকার থেকে আমরা যখন পরিত্রান পাই তখন তাঁর উর্দু গল্প ‘টোবা টেক সিং ‘ বা ‘ঠান্ডা গোস্ত ‘ ভাবায়, বড্ড ভাবায়।যখন ‘ঠান্ডা গোস্ত’ গল্পের ঈশ্বর সিংহ মুসলিম বালিকার শবের সঙ্গে সঙ্গমের কবুল করে তখন সাদাত যেন পাক আমলাতন্ত্রের ভ্রূকুটি অগ্রাহ্য করেন। ‘টোবা টেক সিং’ গল্পের দেশের মানচিত্রে না থাকা ভুখন্ডের বাসিন্দা তো সাদাত নিজেই।এদিকে কাঁটাতার ঘেরা হিন্দুস্তানের সীমান্ত, ওদিকে একই কাঁটাতারে ঘেরা পাকিস্তানের সীমান্ত— আর মাঝখানে এক টুকরো ভূমি— যার কোন নাম-পরিচয় নেই— যেখানে গল্পের শেষে মৃত টোবা টেক সিং মুখ থুবড়ে পড়ে আছে। কোথায় যেন অ্যানারকিষ্ট হওয়ার ভাবনা ছুঁয়ে যায় টোবা টেক সিং গল্পে, ছুঁয়ে যান সাদাত হাসান মানটো। আজ,১১মে। সাদাতের জন্মদিন।।

About Post Author