সময় কলকাতা ডেস্কঃ আত্মহত্যা কোনও সমস্যার সমাধান নয়। সাইকেলে চেপে প্রায় ২৪ টি রাজ্যে ঘুরে এই বার্তাই দিয়েছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা সঞ্জয় বিশ্বাস। জীবনে একের পর এক প্রতিকূলতার সম্মুখীন হতে হতে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, ঠিক তখনই সমস্যাগুলি থেকে পালিয়ে যেতে আত্মহত্যার পথ বেছে নেন অনেকেই। কিন্তু, একমাত্র আত্মহত্যাই কোনও সমস্যার সমাধান নয়। মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতেই রাজ্যে-রাজ্যে ঘুরে বেরিয়েছেন বাংলারই এক যুবক। সাইকেলে করে মোট ২৪ টি রাজ্য ঘুরে বাডি় ফিরলেন উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা সঞ্জয় বিশ্বাস।

৩২ বছর বয়সী সঞ্জয় বিশ্বাসের উত্তরপ্রদেশে তিনটি মিষ্টির দোকান ছিল। ঠিক-ঠিকই চলছিল ব্যবসা। তবে, জীবনটা যেন কিছুটা থমকে যায় মাঝপথে। বেশ কয়েকবছর আগেই উত্তরপ্রদেশ থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন সঞ্জয়। কোনও রকমে সুস্থ হয়ে ফের যখন নিজের ব্যবসাকে গুছিয়ে নিতে পাড়ি দেন উত্তরপ্রদেশে, তখন দেখেন তাঁর দুটি দোকান সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। একটি প্রায় শেষের মুখে। হাজার চেষ্টা করেও সেটা বাঁচাতে না পেরে বাড়িতে ফিরে আসেন সঞ্জয়। নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করেন তিনি। কিন্তু, অতিমারীর জেরে লকডাউনের কোপে পড়ে সেই স্বপ্নও প্রায় ভেঙে যায় সঞ্জয়ের। মানসিকভাবে ভেঙে পড়ার জেরে দু-একবার আত্মহত্যারও চেষ্টা করেন সঞ্জয়, সাহায্য নিতে হয় চিকিত্সকেরও। কার্যত নিজের ঘরেই বন্দি থাকতেন তিনি। তবে, এই ব্যর্থতায় জীবনে পরিবর্তন আনে। এক আত্মীয়ের পরামর্শে নিজের একাকিত্ব কাটাতে সাইকেল নিয়ে বেরিয়ে পরার সিদ্ধান্ত নেন সঞ্জয়। ব্যাস! তারপরেই যাত্রা শুরু সঞ্জয়ের। বাংলা থেকেই ২০২১ সালের ৩০ অক্টোবর সাইকেল নিয়ে বেরিয়ে পরেন তিনি। প্রায় ৮ মাস ১৫ দিনেরও বেশি সময়ে অসম, মেঘালয়, দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ সহ মোট ২৪ টি রাজ্যে ঘুরে বেরিয়েছেন তিনি। শেষে ফিরে আসেন গাইঘাটার গুটড়ির বাড়িতে। যাত্রাপথে মানুষকে একটাই বার্তা দিয়েছেন সঞ্জয়, আত্মহত্যা কোনও সমস্যার সমাধান নয়, বেঁচে থেকে লড়াই করতে হবে। ঘুরে দাঁড়াতে হবে। ছেলের ভেঙে পড়া দেখে একসময় ভেঙে পড়েছিলেন মাও। তবে, শেষমেশ ছেলে বাড়ি ফিরে আসায় বেশ খুশি সঞ্জয় বিশ্বাসের মা।

এখানেই শেষ নয় কিন্তু। সঞ্জয়ের ইচ্ছে, আগামীতেও মানুষকে এভাবেই জীবনটিকে গুছিয়ে নেওয়ার বার্তা দিয়ে যাবেন তিনি। আগামীতে ইচ্ছে আছে দেশের গণ্ডি পেড়িয়ে বাংলাদেশ পাড়ি দেওয়ার। ইচ্ছে আছে, তাঁর এই বার্তার মাধ্যমে আত্মহত্যার প্রবণতা কমানো।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের