Home » বাংলার ফুটবলারদের কি পরামর্শ দিলেন ক্রীড়ামন্ত্রী?

বাংলার ফুটবলারদের কি পরামর্শ দিলেন ক্রীড়ামন্ত্রী?

সময় কলকাতা ডেস্কঃ ‘লক্ষ্য এবং জেদটা ধরে রাখতে হবে। আর সেটা যদি কাউকে দেখে শিখতে হয়, একজনের ছবি বাড়িতে লাগিয়ে রাখবে, তাঁর নাম মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।‘ সন্তোষ ট্রফি হাতছাড়া হওয়ার পর বাংলার ফুটবলারদের এই পরামর্শ দিলেন বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শুরু থেকেই আক্রমণ জারি রেখেছিল বাংলা। কিন্তু, তীরে এসে যেন একটুর জন্য হাতছাড়া হল সন্তোষ ট্রফি। টাই-ব্রেকারে কেরলের কাছে হারের পর কার্যত খালি হাতেই ফিরতে হয় বাংলার ফুটবলারদের। শুক্রবার বাংলার ফুটবল টিমকেই সংবর্ধনা দেয় ইস্টবেঙ্গল ক্লাব। সেই সংবর্ধনা অনুষ্ঠানেই উপস্থিত হয়ে এরূপ মন্তব্য করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ফুটবলারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ আমরা যারা মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, আমরা সোনার চামচ মুখে নিয়ে আসিনি। আমাদের লক্ষ্য আর জেদটাই বড় করতে হবে। আর যদি সেটা কাউকে দেখে শিখতে হয়, একজনের ছবি বাড়িতে লাগিয়ে রাখতে হবে, তাঁর নাম মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। টালির চালে জন্মে জীবনে লড়াই করে, কর্পোরেশন স্কুলে পড়ে আজকে কোন জায়গায় পৌঁছেছেন।‘ ক্রীড়ামন্ত্রী আরও বলেন, তিনি কোনও রাজনৈতিক দলের হয়ে বলছেন না। মুখ্যমন্ত্রীর পরিশ্রম, জেদটাই শিক্ষনীয়। সেটাই রপ্ত করতে হবে। পাশাপাশি, শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিত্ ভট্টাচার্য সহ অন্যান্য ক্রীড়াবিদদের উদাহরণকেই সামনে রেখে বাংলার তরুণ ফুটবলারদের ক্রীড়ামন্ত্রীর বার্তা, তাঁদের সময় সুযোগ ছিল না। কিন্তু, বর্তমানে অনেক সুযোগ রয়েছে। সেগুলির সদব্যবহার করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক দলের হয়ে কথা বলার বিষয়টিকে উড়িয়ে দিলেও ক্রীড়ামন্ত্রীর এহেন মন্তব্যে বিতর্ক ছড়িয়েছে। কটাক্ষ করতেও ছাড়েনি বিরোধীরা। নির্লজ্জ মন্তব্য বলে আক্রমণের পাশাপাশি, ক্রীড়ামন্ত্রীর এই পরামর্শে যেন একেবারেই কর্ণপাত না করেন ফুটবলাররা, সেই পরামর্শও দিয়েছেন বিরোধী দলের নেতৃত্ব। সব মিলিয়ে শুক্রবারের সংবর্ধনা অনুষ্ঠানের বক্তব্য ঘিরে যে অল্প বিস্তর চাঞ্চল্য ছড়িয়েছে, তা কার্যত স্পষ্ট।

About Post Author