Home » “বিজেপি এখন হতাশাগ্রস্ত, অর্জুনেরও সেই অবস্থা, কটাক্ষ ফিরহাদ হাকিমের

“বিজেপি এখন হতাশাগ্রস্ত, অর্জুনেরও সেই অবস্থা, কটাক্ষ ফিরহাদ হাকিমের

সময় কলকাতা ডেস্কঃ বিজেপি নেতা-কর্মীরা বর্তমানে হতাশাগ্রস্ত। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়েরও এখন সেই অবস্থা। বঙ্গ বিজেপির টালমাটাল পরিস্থিতিতে অর্জুন সিংয়ের দিল্লি সফরের মাঝেই এবার বঙ্গ বিজেপিকে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

বেকার যুবক-যুবতীদের মধ্যে কারিগরিবিদ্যার প্রশিক্ষণ ছড়িয়ে দেওয়ার স্বার্থে টেকনিক্যাল ইন্সটিটিউট তৈরির আশ্বাস দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তারই প্রস্তুতি হিসাবে সোমবার চেতলার সবজি বাগানের একটি জমি পরিদর্শনে যান তিনি।সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েই বিজেপিকে তোপ দাগেন রাজ্যের পরিবহণ মন্ত্রী।  তাঁর কটাক্ষ, একুশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার বেকার যুবক-যুবতীদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে কাজ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বিজেপিতে যোগদানের আহ্বান জানানো হয়েছিল। সেই আশায় বুক বেঁধে অনেকেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু, ভোটে ধরাশায়ী হওয়ার পরে সেই আশ্বাস পূরণ করেনি বিজেপি। বেশ ঝাঁঝালো ভাষায় আক্রমণ শানিয়ে তিনি জানান, ‘ কাজের বেলায় কাজি, কাজ ফুরোলেই পাজি।‘ তাঁর মতে, বাংলায় সংবাদমাধ্যমগুলিই বিজেপিকে বাঁচিয়ে রেখেছে।

এদিকে রাজস্থানে তিনদিনব্যাপী চলা কংগ্রেসের চিন্তন বৈঠকে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধির মন্তব্য ঘিরেও বক্তব্য রাখেন কলকাতার মেয়র। উল্লেখ্য, চিন্তন বৈঠকে রাহুল গান্ধি প্রস্তাব রাখেন, এবার থেকে এক পরিবার থেকে একটিই টিকিট মিলবে। সে বিষয়ে কংগ্রেসকে বিঁধেছেন ফিরহাদ হাকিম। কটাক্ষের সুরে তিনি বলেন, রাহুল গান্ধি এখন এই প্রস্তাবের মাধ্যমে প্রিয়াঙ্কা গান্ধিকে আটকাতে চাইছেন কিনা বোঝা যাচ্ছে না।

এদিন দুর্গা পিতুরি লেনের বিভিন্ন বাড়তে থাকা ফাটলের বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ার এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন। আগামীদিনে মেট্রো রেলের কাজ এগিয়ে নিয়ে যেতে প্রথমে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত বলেই মন্তব্য কলকাতার মেয়রের।

এদিন টেকনিক্যাল এডুকেশনের বিষয়টি নিয়ে তিনি জানান, কলকাতায় প্রথম পর্যায়ে একটি পাঁচতারা বিল্ডিং তৈরি হবে। প্রতিটি ফ্লোরে নার্সিং ট্রেনিং, টেকনিক্যাল ট্রেনিং সহ একাধিক বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী দিনে এই ইনস্টিটিউট থেকেই ক্যাম্পাসিংয়েরও ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, বাংলায় বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব প্রতিনিয়তই প্রকাশ্যে আসছে।একের পর এক নেতা বেসুরো হচ্ছেন। জোড়াল হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। এরই মধ্যে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রাজ্য বিজেপিকে আক্রমণ শানানো অব্যাহত রেখেছেন রাজ্যর পরিবহণ মন্ত্রী ও কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম।

About Post Author