সময় কলকাতা ডেস্কঃ ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল মানুষ।রান্নার গ্যাসের দাম হাজার পেরিয়েছে। কপালে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের। এই দ্রব্যমূল্য এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদেই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে এবং উনুনে রান্না করে উত্তর ২৪ পরগনার বনগাঁয় প্রতিবাদ মিছিলে সামিল হয় তৃণমূলের নেতা-কর্মীরা।
দেশের পাঁচরাজ্যে ভোট মিটে যাওয়ার পর থেকেই ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের মূল্য। বাদ যাচ্ছে না নিত্যপ্রয়োজনীয় জিনিসও। তারই প্রতিবাদে মিছিলে সামিল হন তৃণমূলের বনগাঁ জেলার নেতৃত্ব। এদিন বনগাঁ রামনগর রোড থেকে হাজার খানেক তৃণমূল কর্মী-সমর্থককে নিয়ে মিছিল শুরু হয় । বাটার মোড় হয়ে মতিগঞ্জ মোড় ঘুরে ত্রিকোণ পার্কে শেষ হয় মিছিল। সেখানেই নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে এবং উনুনে রান্না করে প্রতিবাদ জানান তাঁরা। আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর হবে বলেই হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠ জানান, প্রতিনিয়ত যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিস, গ্যাস, পেট্রোলের দাম বেড়েই চলেছে, তাতে গ্যাসে রান্না করা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। পেট্রোলের দামের জন্য বাইক চালানো যাবে না, সাইকেলেই চলাফেরা করতে হবে মানুষকে। এসবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই দায়ী। তিনি আরও জানান, এই প্রতিবাদ মিছিল শুধু বনগাঁতেই নয়, জেলার প্রতিটি ব্লকেই ছড়িয়ে পড়বে এই প্রতিবাদ।
যদিও, এবিষয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল। তিনি জানান, পেট্রোলের দাম আন্তর্জাতিক বাজার অনুসারে হয়। তাই জন্যই দাম বেড়েছে। কিন্তু রাজ্য সরকারের হতে রয়েছে বিদ্যুতের বিল। আগে সরকার সেটা কমাক। এই প্রতিবাদ শুধুই লোক দেখানো নাটক বলেই কটাক্ষ দেবদাস মণ্ডলের।নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রধান মন্ত্রীকে গোটা বিশ্ব সম্মান করে। সেখানে তৃণমূলের যা শিক্ষা সেটাই করছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব বাংলার শাসকদল। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তবে, রাজনৈতিক তরজার মাঝেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?