Home » করোনার পর আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স

করোনার পর আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কি পক্স

সময় কলকাতা ডেস্কঃ এ যেন গোদের উপর বিষফোঁড়া! এখনো অতিমারী করোনা পিছু ছাড়েনি আর তাঁরই মাঝে থাবা বসাল মাঙ্কি পক্স। আর এই মাঙ্কি পক্সকে ঘিরেই আতঙ্ক ছড়াচ্ছে সারা বিশ্বে। ইতিমধ্যেই ব্রিটেন,পর্তুগাল,স্পেন,বেলজিয়ামের মতো ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সমকামীদের মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে কিনা তা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সমকামী ও উভকামীদের মাঙ্কি পক্সকে ঘিরে সতর্ক করা হয়েছে। ব্রিটেনে নতুন করে আরও ৪ জনের শরীরে এই ভাইরাসের দেখা মিলছে। এই নিয়ে ব্রিটেনে মোট ৭ জন এই রোগে আক্রান্ত হয়েছে।

ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির তরফে জানা গিয়েছে, নতুন করে যে ৪ জন আক্রান্ত হয়েছে তাঁদের মধ্যে তিনজন লন্ডনের এবং একজন ইংল্যান্ডের বাসিন্দা। দেখা গিয়েছে যারাই সংক্রমিত হয়েছেন তারা সবাই সমকামী বা উভকামী। তবে কিভাবে এই ভাইরাস তাঁদের শরীরে বাসা বাঁধল এবং তাঁদের অন্য কোনো দেশে যাওয়ার যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি। গত ৭ মে লন্ডনে প্রথম এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্স ভাইরাস পাওয়া গিয়েছিল।

সমকামী ও উভকামী পুরুষদের যৌন চক্র থেকেই তাঁদের দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে বলেই ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের আশঙ্কা। শুধু ব্রিটেনেই নয়, স্পেন ও পর্তুগালে যথাক্রমে ৮-৯ জন পুরুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাঁদের অধিকাংশই সমকামী বা উভকামী। পরিস্থিতি সামাল দিতে সমকামী পুরুষদের খুব সতর্ক থাকার পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাক, মুখ ও চোখের পাশাপাশি আক্রান্তের পোশাক থেকেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা। এই ভাইরাসটি গুটিবসন্তের মতো হলেও এই রোগের চিকিৎসা পদ্ধতি বিশেষজ্ঞদের অজানা। তবে এই বিরল ভাইরাসের সংক্রমণে মৃত্যু না হলেও তিনসপ্তাহ ধরে জ্বর, গলা ব্যথা প্রভৃতি উপসর্গ দেখা যাচ্ছে। তবে এই নয়া ভাইরাসের হাত থেকে ঠিক কিভাবে রক্ষা পাওয়া সম্ভব তা নিয়ে ইতিমধ্যেই জরুরী বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মাঙ্কিপক্স, সাধারণত বেশিরভাগ পশ্চিম এবং মধ্য আফ্রিকায় দেখা যায় । এটি প্রথম ১৯৭০-এর দশকে কঙ্গোতে দেখা গিয়েছিল । এই মাঙ্কি পক্স ভাইরাসের দুটি প্রধান ভ্যারিয়ান্ট আছে । কঙ্গো স্ট্রেনের মৃত্যুহার ১০% এবং পশ্চিম আফ্রিকান স্ট্রেনের মৃত্যুহার ১%।

About Post Author