সময় কলকাতা ডেস্কঃ ‘কাউন্টডাউন কোথাও শেষ হচ্ছে,কোথাও শুরু…’, সম্ভবত দলবদলের জল্পনায় এবার শিলমোহর দিয়েই দিলেন অর্জুন সিং! রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,‘কিছুক্ষণের মধ্যে কলকাতা যেতে হবে। যাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছি তিনি ছোটখাটো কেউ হবেন না। আপনারা সবকিছুই জানতে পারবেন। আপনারা সব জানতে পারবেন। আমাদের লড়াই ঠিক বিষয়ে ছিল। কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা হচ্ছিল। আমি সবার সঙ্গেই চলি। দিলীপদা অনেক সম্মানীয় ব্যক্তি। ওঁকে নিয়ে কিছু বলব না। বিজেপিতে থাকতে চাইছি না, নাকি বিজেপি ধরে রাখতে চাইছে না, সেটা অবশ্যই সময় বলবে।‘

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই বেসুরো অর্জুন সিং। প্রকাশ্যে এসেছে তাঁর দলবদলের জল্পনাও। এর মাঝেই শনিবার বারাসাতে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যারাকপুরের সাংসদের দলবদলের জল্পনা নিয়ে মুখ খোলেন শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয়,মুকুল রায়ের উদাহরণ টেনে তিনি বলেন,’বাবুল সুপ্রিয়, মুকুল রায়-রা যেমন এসেছিলেন আবার দল ছেড়ে তৃণমূলে গিয়েছেন। সাংসদ অর্জুন সিংও কী করবেন আমি জানি না। তবে কাল তৃণমূলে যেতেই পারেন। এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, একটা টুইট করে দল ছাড়া যায়। একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চাকরিতে দুর্নীতি নিয়ে পরেশ অধিকারী ও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দাগেন শুভেন্দু অধিকারী। এপ্রসঙ্গে শুভেন্দুর কটাক্ষের সুর চড়িয়ে বলেন, ‘এঁরা যা করেছেন, সেটা চুরি-ডাকাতির সঙ্গে তুলনা করলে চলবে না,সরাসরি ২ কোটি বেকারের বুকে ছুরি মেরেছেন।”

উল্লেখ্য, পাটশিল্প থেকে শুরু করে দলীয় সংগঠন নিয়েও এর আগেও অনেকবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অর্জুন। কিন্ত এসব বিষয়ে কোনোরকম সুরাহা না মেলায় তাঁর দলবদলের জল্পনা তুঙ্গে ওঠে। সেই জল্পনা আরও বেড়ে যায় তাঁর একের পর এক টুইটে। এমনকি শনিবার সেই জল্পনা আরও উসকে দিল ভাটপাড়া এলাকার কিছু পোস্টার এবং ব্যানার। আর সেই পোস্টার ইতিমধ্যে ব্যাপক ভাইরালও হয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি