Home » গ্যাসের সিলিন্ডারে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা,অভিনব প্রতিবাদে তৃণমূল

গ্যাসের সিলিন্ডারে ফুলের মালা পরিয়ে শ্রদ্ধা,অভিনব প্রতিবাদে তৃণমূল

সময় কলকাতা ডেস্কঃ ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম। এই পরিস্থিতিতে হেঁসেলে টান পড়েছে সাধারণ মানুষের। পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লাগাতার বেড়েই চলেছে জ্বালানীর দাম। এই পরিস্থিতিতে অবশেষে কিছুটা স্বস্তি মিলল দেশবাসীর। এবার দেশবাসীকে জ্বালানীর জ্বালা থেকে রেহাই দিতে ফের এগিয়ে এল কেন্দ্রীয় সরকার। পেট্রোপণ্যের উপর কেন্দ্রীয় সরকার আমদানি শুল্ক কমানোর ফলেই কমেছে পেট্রোল ও ডিজেলের দাম। লিটার পিছু পেট্রোলের দাম ৮ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পেট্রোলের দাম লিটার প্রতি ৯ টাকা ৫০ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৭ টাকা কমল। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এই সুখবরটি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারের এহেন ঘোষণায় কার্যত খুশি আম বাঙালি।

রবিবার জলপাইগুড়ি শহরের একটি পেট্রোল পাম্পে পেট্রোল নিতে আসা সুদীপ চন্দ এ বিষয়ে জানান, ‘খুবই ভালো হয়েছে।এটা কমানোর দরকার ছিল।দীর্ঘদিন থেকেই এমন ঘোষণার প্রত্যাশা ছিল।‘ এবার রাজ্য সরকার এ বিষয়ে যদি একটু ভাবনা-চিন্তা করে তাহলে এর দাম আরও কিছুটা কমবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে জলপাইগুড়ি শহরের স্থানীয় বাসিন্দা অজিত দাস বলেন, ‘মাইনে তো আর বাড়েনি।কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের দাম কমায় অবশ্যই সুবিধা হল। যদি এবার রাজ্য সরকারও ট্যাক্স কমায় তাহলে আরেকটু ভালো হবে এবং পেট্রোল ও ডিজেলের দাম অনেকটাই কমবে।‘ দেশকে বাঁচাতে হলে সকলেরই সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি।

অন্যদিকে পেট্রোল,ডিজেল ও রান্নার গ্যাসের দাম লাগাতার যেভাবে বেড়ে চলেছিল তাতে কার্যত নাভিঃশ্বাস অবস্থা মধ্যবিত্তের। জ্বালানীর মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর। জ্বালানী তেলের দাম বাড়ায় পণ্য পরিবহনের খরচাও বেড়েছিল। ফলে শাক সবজি থেকে শুরু করে প্রতিটি জিনিসের দাম ছ্যাঁকা লাগার জোগাড় হয়েছে। গত এক মাসে পরপর ২ বার দাম বেড়েছে রান্নার গ্যাসের। সে কারণেই রবিবার বিকেলে ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পথসভা করে অভিনব কায়দায় পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের প্রতিবাদ করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন সাকোয়াঝোড়া ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীর পাল ,তৃণমূল নেতা গোপাল চক্রবর্তী সহ অন্যান্য নেতাকর্মীরা। মাটির উনুন ও ঘুঁটে বিতরণের পাশাপাশি এদিন গ্যাসের সিলিন্ডারকে গাঁদা ফুলের মালা পরিয়ে শেষ শ্রদ্ধা জানান তারা। শনিবার গুজরাট ও তেলেঙ্গানায় নির্বাচনের পর পেট্রোলের দাম কমানো হয়েছে বলেই দাবি করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য কমানো হয়েছে বলেই দাবি করেন তারা।

এ বিষয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা গোপাল চক্রবর্তী বলেন, ‘যখন ডিজিটাল যুগের কথা বলা হচ্ছে তখন আমাদের পুরোনো যুগে ফিরতে হচ্ছে। কেননা যে পরিমাণ গ্যাসের দাম রয়েছে তা সাধারণ মানুষের পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। তাই এবারে ঘুটে এবং মাটির উনুন ফিরে আসছে। সেইসঙ্গে কেন্দ্রীয় সরকারের জামানায় পেট্রোল সেঞ্চুরি পার করেছে, এমনকি সেঞ্চুরির দোরগোড়ায় ডিজেলও।’

About Post Author