Home » পাহাড়বাসী ফের গন্ডগোলের আশঙ্কা করছে জিটিএ নির্বাচনকে ঘিরে

পাহাড়বাসী ফের গন্ডগোলের আশঙ্কা করছে জিটিএ নির্বাচনকে ঘিরে

সময় কলকাতা ডেস্কঃ ফের পাহাড়ে  গন্ডগোলের আশঙ্কা করছে পাহাড়বাসী। কারন একটাই জিটিএ নির্বাচনকে ঘিরে ফের আন্দোলনের পথে নামছে মোর্চা নেতা বিমল গুরুং। এতদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর ফের একেবারে পুরোভাগে এসেই মোর্চা নেতা বিমল গুরুং জিটিএ নির্বাচনের বিরোধিতায় পথে নামলেন।আর এই নিয়েই পাহাড়বাসীর মনে আতংক দানা বাঁধতে শুরু করেছে। 

প্রায় পাঁচ বছর পর পাহাড়ে জিটিএ নির্বাচন হতে চলেছে। মঙ্গলবার সর্বদলীয় বৈঠকেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। ২৬ জুন হবে নির্বাচন। ভোটগণনা এবং ফলাফল ঘোষণা ২৯ জুন। মঙ্গলবার দার্জিলিংয়ের ডিএম অফিসে সর্বদলীয় সভায় এই কথা জানান জলপাইগুড়ি ডিভিশন কমিশনার এ আর বর্ধণ। ২৭ মে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। মঙ্গলবারের বৈঠকে পাহাড়ের ১৮ টি দলের মধ্যে ৭ টি দল উপস্থিত ছিল। নির্বাচনের বিরোধিতায় বৈঠক বয়কট করেন বিজেপি সহ বেশ কয়েকটি দল।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই পাহাড়ে গিয়ে জুনে জিটিএ নির্বাচন হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে সব দল রাজি থাকলেও পরে জিটিএ নির্বাচনের বিরোধিতা করেন মোর্চা নেতা বিমল গুরুং। দাবি না মানলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি। সেই মত পাহাড়ে আবার অনশন শুরু হতে চলেছে। গতকাল জিটিএ নির্বাচন ঘোষণা করার পর বিমল গুরুং জানান আজ (বুধবার) থেকে আমরণ অনশন শুরু হবে।কারণ তিনি চান না পাহাড়ে নির্বাচন হোক। নির্বাচন ঘোষণা করার  সঙ্গে সঙ্গেই বিমল গুরুংয়ের অনশনের কথা ঘোষণা করেন।  রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা আগামী দিনে এই জিটিএ নির্বাচনকে ঘিরে পাহাড় কতটা শান্তিপূর্ণ থাকে সেটাই এখন দেখার বিষয়।

About Post Author