Home » ফের শহরে মডেলের মৃত্যু

ফের শহরে মডেলের মৃত্যু

সময় কলকাতা ডেস্ক: ফের শহর কলকাতার বুকে মডেলের মৃত্যু। ঘর থেকে উদ্ধার বিদিশা দে মজুমদার নামের এক মডেলের ঝুলন্ত দেহ। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। জানা গিয়েছে, প্রায় মাস দেড়েক আগে দমদমের নাগেরবাজারের রামগড় কলোনি এলাকায় ভাড়া এসেছিলেন বছর ২১-এর মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদার। বুধবার সন্ধ্যায় মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ।

পুলিস সুত্রে খবর, বিদিশার ফ্ল‍্যাটে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করা ছিল। একটি ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য আর জি কর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিনেত্রীর পরিবার পরিজন এব‌ং বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত‍্যুর প্রাথমিক কারণ জানা যাবে।

 

বিদিশার বান্ধবী সহ পরিচিতদের মতে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জেরে গভীর হতাশায় ভুগছিলেন তিনি। বন্ধুদের প্রায়ই বলতেন, নিজেকে শেষ করে দেবেন। সত্যিই যে তিনি এমন কাণ্ড ঘটাতে পারেন, তা ভাবতে পারছেন না বন্ধুরা। অনুভব বেড়া নামের ঝাড়গ্রামের এক যুবকের সঙ্গে বিদিশার বিগত চারমাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বিদিশা। সেই সম্পর্কের টানাপোড়েন থেকেই আত্মহত্যার পথ বেছে নেন বিদিশা। বিদিশার মৃত্যু নিয়ে নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। তবে, প্রেমে প্রত্যাখ্যানের পরেই আত্মহত্যা নাকি পেশাগত কারণে আত্মঘাতী হয়েছেন বিদিশা, তার তদন্তে নেমেছে পুলিশ। মডেলিং জগতে বেশ নাম করেছিলেন বিদিশা। ভাঁড়: দ‍্য ক্লাউন নামে একটি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।

উল্লেখ্য, গত ১৫ মে গড়ফার ফ্ল‍্যাট থেকে উদ্ধার হয়েছিল অভিনেত্রী পল্লবী দে’র ঝুলন্ত দেহ। তার ঠিক দশ দিন পর ২৫ মে বুধবার আবারো এক অভিনেত্রীর মৃত‍্যুর খবরে শোকের ছায়া টলিপাড়ায়।

 

About Post Author