সময় কলকাতা ডেস্ক: আম দিয়ে হরেকরকম বাহারি পদ তৈরি করে খাওয়ার মরশুম এটাই। আম খেতে ভালোবাসে না এমন বাঙালি মেলা ভার! চলুন আম দিয়ে তৈরি করে নেওয়া যাক একটি নতুন পদ, কাঁচা আমের ধোকলা। এটি একটি গুজরাতি খাবার।
উপকরণ
ছোলার ডাল
ইনো পাউডার
কাঁচা লঙ্কা কুঁচি
পরিমাণ মতো নুন ও চিনি
কালো সর্ষের দানা
গোটা জিরে
একটা পাতিলেবু
কাঁচা আম (কুরিয়ে রাখা)
সাদা তেল
৫-৬ টি কারিপাতা
ধনেপাতা কুঁচি
পদ্ধতি
প্রথমে ছোলার ডাল দু’-তিন ঘণ্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে ভালো করে বেটে নিন। ওই বাটা ডালের মধ্যে লেবুর রস, ইনো পাউডার, নুন এবং সাদা তেল দিয়ে ভাল করে মেখে নিন। এরপর তাতে মেশান কুরিয়ে রাখা কাঁচা আম।
স্টিল বা অ্যালুমিনিয়মের টিফিন বক্সে ভালো করে সাদা তেল মাখিয়ে তাতে তৈরি করে রাখা মিশ্রণটি ঢেলে দিয়ে ১৫ মিনিট ভাপে বসান। এরপর ধোকলা তৈরি হয়ে গেলে একটা প্লেটে বের করে নিয়ে পছন্দমতো আকারে কেটে নিন।

একটা প্যানে সামান্য সাদা তেল গরম করে তাতে সর্ষে আর গোটা জিরে ফোড়ন দিয়ে কারিপাতা, চিনি, লেবুর রস, কাঁচা লঙ্কা আর আধ কাপ জল ঢেলে দিন। ফুটে উঠলে ধোকলার উপরে ঢেলে দিন। কুচানো ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন কাঁচা আমের টক-ঝাল-মিষ্টি ধোকলা।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার