Home » হাজিরা এড়ালেন শওকত মোল্লা, চাইলেন ১৫ দিন সময়

হাজিরা এড়ালেন শওকত মোল্লা, চাইলেন ১৫ দিন সময়

সময় কলকাতা ডেস্ক: আজ সিবিআই দপ্তরে হাজিরা দিতে পারবেন না, মেল করে সিবিআইকে জানিয়ে দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। পাশাপাশি, কয়লা পাচার কাণ্ডে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার জন্য আরও ১৫ দিন সময় চেয়ে নিলেন তিনি। শুক্রবার, শওকতের আইনজীবী নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে গিয়ে বিধায়ক কেন হাজিরা দিলেন না, সে কারণ জানান। জানা গিয়েছে, প্রশাসনিক ও রাজনৈতিক কাজের দোহাই দিয়ে বৃহস্পতিবার রাতে মেল করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক।

উল্লেখ্য, বুধবার, হাজিরার জন্য শওকত মোল্লাকে নোটিস পাঠায় সিবিআই। আধার কার্ড, প্যানকার্ড, পাসপোর্ট সহ একাধিক নথিপত্র নিয়ে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সিবিআই সূত্রে খবর, আসানসোল থেকে পাচার হওয়া কয়লা রাজ্যের বিভিন্নপ্রান্তে ছড়িয়ে পড়ত। অভিযোগ, কয়লা পৌঁছত ক্যানিংয়েও। আর তার পরই নাম জড়ায় ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। জানা গিয়েছে, শওকত মোল্লার ব্যাঙ্ক অ্যাকাউন্টের একাধিক নথি খতিয়ে দেখা হবে। আর্থিক লেনদেনের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। কয়লা পাচার কাণ্ডে একের পর এক নেতৃত্বকে ডেকে পাঠানো হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে।

এই কয়লা পাচার কাণ্ডে এর আগে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে জেরার জন্য ডেকেছিল সিবিআই। দিল্লিতে গিয়ে হাজিরাও দিয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত স্বস্তিতে অভিষেক।

About Post Author