সময় কলকাতা ডেস্কঃ গভীর রাতে হঠাৎই কেঁপে উঠল বাড়ি। ভূমিকম্প ভেবে দরজা খুলতেই আলোর ঝলকানি দেখে হতভম্ব হয়ে পড়েন বাড়ির সদস্যরা। জলপাইগুড়ির জেলার ধুপগুড়ির হরিমন্দির পাড়া এলাকার ঘটনা। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১ টা নাগাদ জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির কাছে এশিয়ান হাইওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলেরো গাড়ি, দেওয়াল এবং গ্রিল ভেঙে সোজা ঢুকে যায় বাড়িতে। কোনক্রমে প্রাণে বাঁচেন ওই বাড়ির সদস্যরা এবং বোলেরো গাড়ির চালক সহ গাড়িতে থাকা বাকি দুজন।
এই ঘটনার পরই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের তরফে খবর যায় ধুপগুড়ি থানায়। খবর পেয়ে ধুপগুড়ি থানার পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। এমন মর্মান্তিক দুর্ঘটনা আগে কখনো দেখেননি বলেই জানান স্থানীয়রা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে ধুপগুড়ি থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
কলাগাছের ভেলায় স্কুলের পথে পাড়ি, ঘটতে পারে দুর্ঘটনা, নির্বিকার প্রশাসন
নেশামুক্তি কেন্দ্রে চিকিৎসাধীন তরুণীকে গণ*ধ*র্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার
তৃণমূল আমলের প্রকল্পের বেহাল দশা, দুর্গন্ধ ঘুরপাক খাচ্ছে হরিশ্চন্দ্রপুরের বাতাসে