সময় কলকাতা ডেস্ক : বাঘে মানুষ লড়াই। বাঘের গ্রাস থেকে আক্রান্তকে তাঁর সঙ্গীরা ছিনিয়ে আনলেও শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো গেল না তাঁর । দক্ষিণরায়ের হামলায় প্রাণ গেল মৎস্যজীবীর।বাঘের হামলায় মৎস্যজীবীর জীবনহানীর ঘটনাটি ঘটেছে সুন্দরবনের ঝিলা পাঁচ নম্বর জঙ্গলে। পঞ্চাশ বছর বয়সী সন্ন্যাসী মন্ডল সুন্দরবন কোস্টাল থানার কুমিরমারীর ঘোষ পাড়ার বাসিন্দা।

সূত্রে প্রকাশ,গত বৃহস্পতিবার তিন সঙ্গীর সাথে সুন্দরবনের ঝিলার জঙ্গলে মাছ ও কাঁকড়া ধরতে যান সন্ন্যাসী মন্ডল।রবিবার সকালে যখন তাঁরা জঙ্গলের লাগোয়া খাঁড়িতে জাল বেঁধে নৌকার উপর বসেছিলেন তথন আচমকাই জঙ্গল থেকে বাঘ এসে তাঁর ওপরে ঝাঁপিয়ে পড়ে।শুরু হয় বাঘে মানুষে লড়াই।

রক্তমাংসের স্বাদ পাওয়া বাঘ ঘাড়ে কামড় বসিয়ে জঙ্গলের গভীরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সন্ন্যাসীকে । সন্ন্যাসীর সঙ্গী-সাথীরা হাল ছাড়েন নি। তাঁরা পাল্টা বাঘের সঙ্গে লড়াই করে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। তড়িঘড়ি ছোট মোল্লাখালি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাঘের কামড়ে মৃত্যু সুন্দরবনের রোজনামচা হয়ে ওঠার আরেকটি নিদর্শন এদিনের ঘটনা।।


More Stories
মুখে জ্বলন্ত সিগারেট সহ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি পোড়ানোর ছবি পোস্ট করে গ্রেফতার বারাসাতের ছাত্র আন্দোলনকারী
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১