Home » ভাইরাল! আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল কর্মীর ভিডিও

ভাইরাল! আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল কর্মীর ভিডিও

সময় কলকাতা ডেস্ক: ফের আগ্নেয়াস্ত্র হাতে এক তৃণমূল কর্মীর ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মালদহের হরিশ্চন্দ্রপুরের ঘটনা। পুলিশের পদক্ষেপে অস্ত্র সহ গ্রেফতার তৃণমূল কর্মী। ঘটনাকে কেন্দ্র করে তোপ দেগেছে বিজেপি, শুরু রাজনৈতিক তরজা।

আর এক বছরও বাকি নেই পঞ্চায়েত ভোটের। ইতিমধ্যেই পঞ্চায়েত ভোট নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা অভিযোগ তুলছে শাসকদল সন্ত্রাসের চেষ্টা করবে। আর তার মাঝেই সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে শাসক দলের এক কর্মীর ভিডিও পোস্ট হতেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয় সেই ভিডিও। মালদহের হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত ভোটের আগে এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খবর পেয়ে দ্রুত মালদহের হরিশ্চন্দ্রপুর ভালুকা গ্রাম পঞ্চায়েতের বরনাহি গ্রাম থেকে মহম্মদ সহিদুল করিম নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় সেভেন এম এম পিস্তল। যদিও খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক রূপেশ আগারওয়াল জানান, ‘মানুষ এই সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে। আগামী দিনে মানুষ এই ভুল আর করবে না। পাল্টা হরিশ্চন্দ্রপুর ২ নম্বরের তৃণমূল ব্লক সভাপতি হজরত আলীর স্পষ্ট বার্তা অন্যায়কে দল প্রশ্রয় দেয় না। পুলিশ পুলিশের কাজ করবে আইন আইনের পথে চলবে।’

হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, “সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল হাতে বন্দুক নেওয়া ভিডিও। আমাদের কাছে সেই ভিডিও আসতেই সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ও সেভেন এম এম পিস্তল উদ্ধার হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে”।

উল্লেখ্য, এর আগেও বেশ কিছুদিন আগে এক তৃণমূল নেতার আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতে দেখা গিয়েছিল। যা নিয়ে শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। কটাক্ষ করেছিল খোদ বিজেপি সাংসদ। ফের একই ঘটনা। স্বাভাবিক ভাবেই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব।

About Post Author