Home » দুধের শিশুকে আছাড় মেরে খুন

দুধের শিশুকে আছাড় মেরে খুন

সময় কলকাতা ডেস্ক :পারিবারিক বিবাদের জের। অভিযোগ, সেই বিবাদের জেরেই মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আছাড় দেওয়া হল এক রত্তি দুধের শিশুকে। ঘটনাস্থলেই বেঘোরে প্রাণ গেল আট মাসের শিশু কন্যার। কাঠগড়ায় শিশুর নিজেরই কাকিমা। তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযুক্তদের পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা। রাজারহাটের রাইগাছির ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী।

জানা গিয়েছে, শুক্রবার রাত থেকেই পারিবারিক বিবাদ শুরু হয় । অভিযোগ, বচসার মাঝেই আট মাস বয়সী শিশু কন্যাকে তার মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় মারে শিশুটির কাকিমা ইয়াসমিন বেগম। তারপরেই স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে, চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। শিশুর মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছতেই কার্যত ফুঁসে ওঠেন স্থানীয়রা। অভিযোগ যায় রাজারহাট থানায়। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের আটক করতে গেলেই স্থানীয়রা মারমুখী হয়ে ওঠে। পুলিশের সামনেই মারধোর করতে থাকে অভিযুক্তদের। দীর্ঘক্ষণ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

শিশুর মৃত্যুর পরেই মাথাচাড়া দিয়েছে একাধিক প্রশ্ন। পারিবারিক বিবাদ নাকি অন্য বিষয়, অন্য কোন আক্রোশে প্রাণ গেল একরত্তির ? প্রশ্ন অনেক। সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ। বিবাদ, তদন্ত প্রভৃতি সবকিছুকে ছাপিয়ে কোলের শিশুকে আছাড় মারার অভিযোগ প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন প্রত্যেকেই।।

About Post Author