Home » পঞ্চায়েত ভোটের আগে সংগঠন মজবুত করতে উত্তরে মমতা

পঞ্চায়েত ভোটের আগে সংগঠন মজবুত করতে উত্তরে মমতা

সময় কলকাতা ডেস্কঃ ফের পাহাড়ে ভোটের ঢাকে কাঠি পড়েছে। চলতি মাসেই ২৬ জুন বহু চর্চিত জিটিএ নির্বাচন। পাশাপাশি রয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদেও নির্বাচন। তার আগেই তিনদিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরেই উত্তরবঙ্গে রওনা দেন মুখ্যমন্ত্রী। যদিও এই সফরসূচি পূর্ব নির্ধারিতই ছিল।

জানা গিয়েছে, বাগডোগরা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে হাসিমারা যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সড়ক পথে বনদপ্তরের মালঙ্গি গেস্ট হাউসে যাবেন। আলিপুরদুয়ার জেলা সফরের কর্মসূচি চলাকালীনই মালঙ্গি গেস্ট হাউসেই রাত্রি বাস করবেন তিনি। মঙ্গলবার আলিপুরদুয়ারে একাধিক কর্মসূচী রয়েছে তাঁর। এদিন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে দুপুর ১২ টায় কর্মিসভায় যোগ দেবেন। এরপর ৮ জুন সকাল ১১ টায় সুভাষিনী চা বাগান এলাকায় পুলিশের উদ্যোগে আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার এই তিনটি জেলার প্রায় ৫০০ জনেরও বেশি আদিবাসী যুগলের ৪ হাত এক করবেন। এরপর বক্সা দুর্গ উদ্বোধন সহ রাজাভাতখাওয়ার একটি নবনির্মিত গেট ও জেলার একটি  পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এদিন থেকেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ঐতিহাসিক বক্সা দুর্গ। অনুষ্ঠান শেষে ফের বিশেষ বিমানে কলকাতা ফিরবেন মমতা।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোটের আগে সংগঠন মজবুত করার পাশাপাশি, প্রশাসনিক কাজগুলি খতিয়ে দেখতে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সরকারি প্রকল্পগুলির সুবিধা ঠিকমতো সাধারণ মানুষ পাচ্ছেন কিনা, তা নিয়েও খতিয়ে দেখতে চান তিনি। ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে কড়া নজরদারি ও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।  পাশাপাশি অসম বাংলা সীমান্ত সহ জেলার অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

About Post Author