Home » উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় মৃত ২৫,২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের

উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় মৃত ২৫,২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের

সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ বাস দুর্ঘটনা উত্তরাখণ্ডে। যমুনা নদীর উপত্যকার খাদে পড়ে গেল তীর্থযাত্রী বোঝাইকারী একটি বাস। তীর্থযাত্রীরা চারধামের যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। কিন্তু তা অধরাই থেকে গেল। রবিবার সেই বাস খাদে পড়তেই মৃত্যু হল ২৫ জনের। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী জানা গিয়েছে,উদ্ধারকাজ এখনও চলছে। ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এসডিআরএফ-এর একটি দল। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান। মৃতরা প্রত্যেকেই মধ্যপ্রদেশের বাসিন্দা বলেই জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে,মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনেত্রীর দিকে যাচ্ছিল বাসটি। বাসে মোট ২৮ জন তীর্থযাত্রী ছিলেন। কিন্তু উত্তর কাশীর ডামটায় যমুনেত্রী জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে খাদে উল্টে যায় বাসটি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। মোট ২৫ জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছেন উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার।

অন্যদিকে এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই টুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টেলিফোনে কথা বলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামির সঙ্গে। মৃতদের প্রতি তাঁর সমবেদনা জানিয়ে একটি টুইটও করেছেন তিনি।

About Post Author