সময় কলকাতা ডেস্কঃ ৭৫ কিলোমিটার রাস্তা তৈরি হল মাত্র ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটে অর্থাৎ সাড়ে চার দিনে। মহারাষ্ট্রের অমরাবতী থেকে আকোলা পর্যন্ত তৈরি হল এই দূরত্বের হাইওয়ে। ন্যূনতম সময়ে বৃহত্তম এই হাইওয়ে তৈরি করে তা গিনেস বুক অব রেকর্ডস এ নাম তুলে ফেলল। হাইওয়েটির নির্মাণ কাজ শুরু হয় ৩ জুন, শুক্রবার এবং ৭ জুন অর্থাৎ মঙ্গলবারই শেষ হল এই সড়ক তৈরির কাজ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার এই সাফল্যের পরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকড়ি। তিনি নিজেই এই বিশেষ সার্টিফিকেটটি টুইট করেছেন। এমনকী এই অভূতপূর্ব রেকর্ডের জন্য কৃতিত্ব দিয়েছেন সেই ৮০০ থেকে ১০০০ জন কর্মীর নিরলস পরিশ্রমকে, কার্যত যাঁদের জন্যই মাত্র ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটের মধ্যে এই বৃহৎ কাজটি সম্পন্ন হয়েছে।

জানা গিয়েছে, অমরাবতীর লোনি গ্রাম থেকে আকোলার মানা গ্রাম পর্যন্ত বিস্তৃত এই হাইওয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য প্রায় ৮০০ থেকে ১০০০ জন নির্মাণকর্মী দিন রাত এক করে কাজ করেছেন। এমনকী যথেষ্ট তৎপর ছিলেন সড়ক তৈরির দায়িত্বে থাকা সংস্থাও। পাশাপাশি গিনেস বুকের একটি দল ঘটনাস্থলে উপস্থিত থেকে রাস্তার নির্মাণ কাজ খতিয়ে দেখেছিলেন। এছাড়াও আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে বিটুমিনাস কংক্রিট দিয়ে এই হাইওয়েটি তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে এত কম সময়ের মধ্যে বড় রাস্তা তৈরির জন্য গিনেস বুক অব রেকর্ডস এ নাম তুলেছিল কাতার। কাতারের দোহায় ১০ দিনে ২৫ কিলোমিটার একটি রাস্তা তৈরির গিনেস রেকর্ড রয়েছে। তবে অমরাবতী থেকে আকোলা পর্যন্ত তৈরি হওয়া ওই হাইওয়ের দায়িত্বে থাকা নির্মাণ সংস্থা থেকে শুরু করে কর্মীরা, সকলেই আশাবাদী ছিলেন মাত্র সাড়ে চার দিনে এই রাস্তা তৈরি করে তাঁরা গিনেস বুকে নাম তুলবেনই। তাদের সেই অদম্য মনের জোরই এই কাজে সফলতা পেল।


More Stories
শিক্ষা দুর্নীতিকে গুরুতর পাপ বলার পরেও বিরোধীদের কাঠগড়ায় প্রধানমন্ত্রী
শতাধিক মহাকাশ বিজ্ঞানীর ইস্তফায় নতুন নির্দেশিকা জারি কেন্দ্রীয় সরকারের
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ