Home » উদ্বেগ! একদিনে আক্রান্ত ৫ হাজারের বেশি

উদ্বেগ! একদিনে আক্রান্ত ৫ হাজারের বেশি

সময় কলকাতা ডেস্কঃ কড়া বিধিনিষেধ সত্বেও কোনো ভাবেই আটকানো যাচ্ছে না মারণ ভাইরাসকে। ফের হুহু করে বাড়ছে দৈনিক সংক্রমণের সংখ্যা। দেশের সার্বিক করোনা পরিস্থিতির দিকে নজর দিলে অন্যান্য রাজ্যগুলির অবস্থা নিয়ন্ত্রণে হলেও বর্তমানে পাঁচটি রাজ্য নিয়ে চিন্তায় কেন্দ্র। পাঁচটি রাজ্যের অবস্থা সঙ্কটজনক হওয়ায় সর্তকতা জারি করেছে কেন্দ্র। তার মধ্যে সবথেকে খারাপ পরিস্থিতি রয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় বিধি নিষেধ জারি করা হয়েছে। মহারাষ্ট্রে গত একদিনে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। দেশে সংক্রমণের হার এই মুহূর্তে ১.৬৭ শতাংশ।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫,২৩৩ জন। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত ১,৮৮১ জন। ৯৩ দিন পর দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ছাড়াল ৫ হাজারের গণ্ডি। পাশাপাশি, মুম্বইয়ের পরিস্থিতিও খুব ভালো নয়। সেখানেও বেশ উদ্বেগজনক পরিস্থিতি। সেখানে একদিনে ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা। মুম্বইয়ে একদিনে সংক্রমিত হয়েছেন ১২০০-র বেশি মানুষ।

পরিসংখ্যান বলছে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ক্রমবর্ধমান। দেশে বর্তমানে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ২৮ হাজার ৮৫৭ জন। হু হু করে সংক্রমণ বাড়লেও মৃত্যুর হার এখনও নিয়ন্ত্রণে। যা অনেকটাই স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের।  এই হারে সংক্রমণ বাড়তে থাকলে চলতি বছরের জুন মাসে চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

 

About Post Author