Home » তপন দত্ত হত্যা মামলায় নয়া মোড়, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

তপন দত্ত হত্যা মামলায় নয়া মোড়, সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

সময় কলকাতা ডেস্কঃ  ১১ বছর পর মোড় ঘুরল ঘটনায়। এ যেন মরুভূমিতে একটু জলের হদিশ পাওয়া। বালির পরিবেশবিদ তথা তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, সিআইডিকে তদন্তের সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজ শেখর মান্থা। সিবিআইয়ের বিশেষ আদালতেই তপন দত্ত খুনের বিচার-কার্য চলবে। নির্দেশ আদালতের। খুশি তপন দত্তের পরিবার।

২০১১ সালের ৬ মে। খুন হয়েছিলেন বালির তৃণমূল নেতা তপন দত্ত। জানা যায়, জলাভূমি ভরাট করার প্রতিবাদ করেছিলেন তপন দত্ত। অভিযোগ, তার জেরেই খুন হন তিনি। কাঠগড়ায় ছিলেন তৃণমূলেরই কয়েকজন নেতা-কর্মী। স্ত্রীয়ের দায়ের করা এফআইআরে নাম ছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায় সহ ১৩ জন নেতা-কর্মীর। তদন্তভার গ্রহণ করে সিআইডি। ২০১১ সালের ৩০ আগস্ট। মামলার প্রথম চার্জশিট পেশ করে সিআইডি। চার্জশিটে নাম ছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায়-সহ একাধিক নেতার। কিন্তু, মোড় ঘোরে তারপরেই।

সে বছরেরই ২৬ সেপ্টেম্বর সাপ্লিমেন্টরি চার্জশিট পেশ করে সিআইডি। কিন্তু, সেই চার্জশিটে কোনও কারণ ছাড়াই নাম বাদ দেওয়া হয় ৯ জনের। নাম ছিল না মন্ত্রী অরূপ রায়েরও। তবে কি হেভিওয়েট নেতার নাম থাকার কারণে চার্জশিট থেকে  বাদ গেল অরূপ রায়ের নাম? এই প্রশ্নই তোলেন তপন দত্তের পরিবার। সিবিআই তদন্তের দাবি জানান তাঁরা। এরমধ্যেই, নিম্ন আদালত ৫ অভিযু্ক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেয়। ২০১৭ সালে হাইকোর্ট নিম্ন আদালতের সেই নির্দেশকেই খারিজ করে দেয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় অভিযুক্তরা। সুপ্রিম কোর্ট হাইকোর্টের সেই নির্দেশ বহাল রাখে। বৃহস্পতিবার মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।

আদালতের এই রায়ে স্বস্তি পেয়েছেন তপন দত্তের পরিবার। তাদের কথায়, এতবছর অপেক্ষা করলাম, আর না হয় কয়েকটা বছর দেরী হবে। সুবিচারের আশায় দিন গুনছেন তাঁরা।

About Post Author