সময় কলকাতা ডেস্কঃ স্ত্রী ছেড়ে যাবে, এই সন্দেহে তাঁর হাত কেটে নিয়েছিল স্বামী। সেই নির্যাতিতা রেণু খাতুনের চিকিৎসার দায়িত্ব নিল রাজ্য। পাশাপাশি, রেণুর চাকরি যাতে বহাল থাকে, সেই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।

উত্তরবঙ্গ সফর থেকে কলকাতায় ফিরেই পূর্ব বর্ধমানের কেতুগ্রামের রেণু খাতুনের বিষয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন, এই ঘটনায় তিনি স্তম্ভিত। রেণুর এই পরিণতির জন্য দুঃখপ্রকাশ করেন তিনি। পাশাপাশি, আশ্বাস দিয়েছেন পাশে থাকার। এই পরিস্থিতিতে যে কাজ রেণুর পক্ষে করা সম্ভব হবে, রাজ্যের পক্ষ থেকে সেই কাজেই নিযুক্ত করা হবে রেণুকে। আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই আশ্বাস পেয়েই বেশ খুশি রেণু। ধন্যবাদও জানালেন মুখ্যমন্ত্রীকে। বুধবার মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে ভর্তি হওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নেননি রেণু। কেন এমনটা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। রেণুর চিকিৎসার খরচ নেবে রাজ্য। পাশাপাশি তিনি জানান, পরবর্তীতে নকল হাতের ব্যবস্থা করা হবে রাজ্যের তরফেই। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তিতে তরুণী। বর্তমানে ভয়ঙ্কর ঘটনার সঙ্গে লড়াই করে অবশেষে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছেন রেণু। মঙ্গলবার বাঁ হাত দিয়েই লেখা শুরু করেন রেণু। শুরু ঘুরে দাঁড়ানোর লড়াই। তাঁর পাশে দাঁড়িয়েছেন সহকর্মীরাও।

উল্লেখ্য, স্ত্রী নার্সিংয়ের সরকারি চাকরি পেয়ে ছেড়ে চলে যাবে, সেই আতঙ্কে স্ত্রীর হাতের কব্জি কেটে দেয় গুনধর স্বামী শের মহম্মদ শেখ। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে শের মহম্মদ শেখ। পাশাপাশি ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও ২ জনকে। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাদের। জানা গিয়েছে, ধৃত আসরফ আলি ও হাবিব শেখ ওই এলাকারই বাসিন্দা। নির্যাতিতা নার্সের স্বামী শের মহম্মদ শেখকে জেরা করেই বাকি দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন